Advertisement
E-Paper

শরদের এনসিপি কি এ বার বিজেপির সহযোগী হচ্ছে? কেন্দ্রীয় মন্ত্রীর দাবি মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন সুপ্রিয়া

শরদের ঘনিষ্ঠ সহযোগী বিঠল মানিয়া জানিয়েছেন এনসিপি প্রতিষ্ঠাতার সঙ্গে মোদীর টেলিফোনে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ০০:১২
(বাঁ দিক থেকে) নরেন্দ্র মোদী, শরদ পওয়ার এবং সুপ্রিয়া সুলে।

(বাঁ দিক থেকে) নরেন্দ্র মোদী, শরদ পওয়ার এবং সুপ্রিয়া সুলে। —ফাইল চিত্র।

জল্পনা শুরু হয়েছিল গত রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সভায় ‘বক্তৃতা বিভ্রাটের’ পর থেকেই। বুধবার তা নতুন মাত্রা পেল। মহারাষ্ট্রে বিজেপির সহযোগী দল আরপিআই(এ)-র প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠওয়ালে দাবি করলেন শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি) শীঘ্রই বিজেপির সঙ্গে হাত মেলাবে। এমনকী, শরদের কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন বলে জানিয়ে অঠওয়ালে বলেন, ‘‘এমনটা হলে আমি খুবই খুশি হব।’’

ঘটনাচক্রে, শরদের ঘনিষ্ঠ সহযোগী বিঠল মানিয়া জানিয়েছেন এনসিপি প্রতিষ্ঠাতার সঙ্গে মোদীর টেলিফোনে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘‘সাহেবের (শরদ) স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘সুপ্রিয়া এখন প্রস্তুত। আমরা সবাই মিলে দেশ সামলে নেব। আপনি বিশ্রাম নিন’।” রবিবার রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’র সভায় সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এবং দলের ছাত্র সংগঠন ‘আইসা’র নেত্রী নেহা বোরা দু’জনেই বক্তৃতার সুযোগ পেয়েছিলেন। কিন্তু শরদ পওয়ারের কন্যা তথা এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে এবং উদ্ধব ঠাকরপন্থী শিবসেনা (ইউবিটি)-র সাংসদ সঞ্জয় রাউতকে ‘সময়ের অভাবে’ বক্তৃতা করতে দেওয়া হয়নি। যা নিয়ে ইতিমধ্যেই মহারাষ্ট্রে বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাড়ী’র অন্দরে উষ্মার আঁচ মিলেছে। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হল শরদের ‘ইন্ডিয়া’ ছা়ড়ার সম্ভাবনা নিয়ে।

তাৎপর্যপূর্ণ ভাবে রামলীলার সভার পরদিনই মহারাষ্ট্রে এনসিপি (অজিত পাওয়ার)-র প্রফুল পটেল, সুনীল তটকরে, ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাটিল, ধনঞ্জয় মুন্ডের মতো প্রভাবশালী নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন। সূত্রের খবর, প্রয়াত অজিতের স্ত্রী তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পওয়ার এবং তাঁর পুত্র তথা এনসিপির রাজ্যসভা সাংসদ পার্থ পওয়ারকে বাদ দিয়ে শরদের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র সঙ্গে জুড়ে যাওয়ার ‘সম্ভাবনা’ নিয়ে আলোচনা হয়েছিল ওই বৈঠকে। মিলনের পরে দুই সংযুক্ত এনসিপি বিজেপি নেতৃত্বাধীন এনডিও জোটে যোগ দেবে বলেও প্রফুলরা সে দিন শাহকে প্রতিশ্রুতি দেন বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি। বস্তুত, গত কয়েক মাস ধরেই প্রয়াত অজিতের স্ত্রী সুনেত্রার সঙ্গে প্রফুল-ছগনদের মতবিরোধ নিয়ে জল্পনা চলছে মহারাষ্ট্র রাজনীতিতে। সূত্রের খবর, দলের একাংশ শরদ গোষ্ঠীর সঙ্গে মিশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে শামিল হওয়ার পক্ষে। কিন্তু তাতে আপত্তি রয়েছে সুনেত্রা এবং তাঁর পুত্র পার্থের।

পুণের রুবি ক্লিনিক হল থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘণ্টা পরেই অসুস্থতা বাড়ায় বুধবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসাপাতালে ভর্তি করানো হয়েছে শরদকে।

Narendra Modi Sharad Pawar Supriya Sule NCP BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy