দীপাবলি এবং ধনতেরস উৎসবের আগে ঘি ও মাখনের দাম বাড়ালেন আমূল কর্তৃপক্ষ। গুজরাতের সংস্থাটির তরফে জানানো হয়েছে, ১ কেজি ঘিয়ের কার্টনে ৫০ টাকা দাম বাড়ানো হয়েছে। অন্য দিকে, ৫০০ গ্রামের মাখনের প্যাকেটের দাম বেড়েছে ১৫ টাকা। অর্থাৎ কেজি-প্রতি ৩০ টাকা।
বুধবার থেকেই ঘি এবং মাখনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে আমূল কর্তৃপক্ষ জানিয়েছেন। মূল্যবৃদ্ধির পরে আমূল ঘিয়ের ১ কেজির কার্টনের দাম ৬৩০ থেকে বেড়ে ৬৮০ টাকা হয়েছে। ৫০০ গ্রাম ‘আমূল পিওর ঘি’য়ের দাম ২০ টাকা বেড়েছে। ৩২৫ টাকা থেকে হয়েছে ৩৪৫ টাকা। আমূল মাখনের ১০০ গ্রামের প্যাকেটের দাম ৩ টাকা বেড়েছে। ছিল ৬৩ টাকা, হয়েছে ৬৬। অন্য দিকে, আমূল মাখনের ৫০০ গ্রামের প্যাকেটের দাম ৩১০ টাকা থেকে বেড়ে ৩২৫ টাকা হয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, এর আগে গত মে মাসে পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি বিধানসভার ভোট মিটতেই দুধের দাম বাড়িয়েছিল আমূল। গবাদি পশুর খাবারের দাম বেড়ে যাওয়া, পরিবহণ খরচ বৃদ্ধি এবং প্রক্রিয়াকরণের সামগ্রিক খরচ বেড়ে যাওয়াই এই মূল্যবৃদ্ধির কারণ বলে জানিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যের সংস্থাটি। গত ১৪ মে থেকে দুধের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকরের ফলে শিশুখাদ্য থেকে মিষ্টি পর্যন্ত নানা ক্ষেত্রে প্রভাব পড়েছিল বলে প্রকাশিত কয়েকটি খবরে জানানো হয়েছিল।