দেশে সম্প্রতি একের পর এক প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি হয়েছে। এমনকি সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিলও হয়েছে। এমন এক পরিস্থিতিতে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের মুখেও উঠে এল ‘প্রতিবাদের’ প্রসঙ্গ। এক মামলাকারীর আর্জি খারিজ করার সময়ে হালকা মেজাজে বললেন, “আপনি ভুল নম্বরে ডায়াল করছেন। স্লোগান তুলে প্রতিবাদে নামা উচিত ছিল।”
সংসদ এবং বিধানসভাগুলিতে তফসিলি জাতি এবং জনজাতির জন্য সংরক্ষিত আসনগুলি পর্যায়ক্রমে পরিবর্তন বাধ্যতামূলক করার আর্জিতে একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। বুধবার ওই মামলাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। আদালত জানিয়েছে, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার আইনসভার। আদালত এ বিষয়ে কোনও নির্দেশ দিতে পারে না। মামলাটি খারিজ করার সময়ে প্রধান বিচারপতি হালকা মেজাজে জানান, মামলাকারী চাইলে প্রতিবাদ বা আন্দোলনের মাধ্যমেও বিষয়টি তুলে ধরতে পারেন।
মামলাটি এর আগে এলাহাবাদ হাই কোর্টে বিচারাধীন ছিল। হাই কোর্টও মামলাটি খারিজ করে দিয়েছিল। সেই সময়ে হাই কোর্টের পর্যবেক্ষণ ছিল, আদর্শগত দিক থেকে দেখলে পর্যায়ক্রমে আসন পরিবর্তনের পদ্ধতিও অনুসরণ করা উচিত। কিন্তু আদালত এমন কোনও নির্দেশ দিতে পারে না। কারণ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার আইনসভার। এ বার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চও জানাল, হাই কোর্টের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত তারাও। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলে, “আপনি ভুল নম্বরে ডায়াল করছেন। এটাই প্রতিবাদ করার, স্লোগান তোলার জন্য ভাল সময়। আপনি সেটাও করতে পারেন।”
আরও পড়ুন:
সে কথা শুনে মামলাকারীর আইনজীবীও হালকা ভাবে বলেন, তাঁর মক্কেলের প্রতিবাদ-বিক্ষোভ করার কোনও ইচ্ছা নেই। তা ছাড়া তাঁর মক্কেলের গলায় ব্যথাও রয়েছে। সুপ্রিম কোর্ট অবশ্য এ-ও জানায়, মামলাকারী চাইলে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ‘পর্যায়ক্রমিক আসন পরিবর্তনের’ নীতি গ্রহণ করার জন্য তাঁদের রাজি করানোর চেষ্টা করতে পারেন।