Advertisement
E-Paper

মার্কিন ভোটের পরেই ভারত-সহ চার দেশের জন্য হরমুজ় প্রণালী খুলল ইরান! হুমকি পশ্চিম এশিয়ায় ট্রাম্পের বন্ধুদের

ইরানের সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেই বুধবার তাঁর দেশের আমজনতাকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবির জন্য উল্লাস প্রকাশ করতে নিষেধ করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ২০:০৬
After US midterm elections Iran allows Indian ships free passage through Strait of Hormuz

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবির আঁচ মিলতেই বুধবার সকালেই উল্লাস প্রকাশ করেছিল তেহরান। বেলা গড়াতেই এল গুরুত্বপূর্ণ ঘোষণা— হরমুজ় প্রণালী দিয়ে ভারত, চিন, ইরাক এবং কাতারের বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েসকিয়ানের সরকার।

ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি কমিটির ভাইস চেয়ারম্যান আমির হায়াত-মোগাদ্দম বুধবার এই ঘোষণা করে জানান, ভারত ও চিনের জাহাজগুলিকে প্রণালী পার হওয়ার সময় নির্দিষ্ট ‘ট্রানজিট ফি’ (মাসুল) দিতে হবে। কাতারের ক্ষেত্রে ট্রানজ়িট ফি মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত, চিন, কাতারের মতোই ইরাকের পণ্য ও তেলবাহী জাহাজের হরমুজ় প্রণালী দিয়ে অবাধ যাতায়াতের সুযোগ দেওয়া হলেও তাদের উপর মাসুল নির্ধারণ করা হবে কি না, তা এখনও বিবেচনাধীন।

অন্য দিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেই বুধবার তাঁর দেশের আমজনতাকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবির জন্য উল্লাস প্রকাশ করতে নিষেধ করেছেন। তাঁর মতে নির্বাচনের এই ফলাফল ওয়াশিংটনের ইরান-নীতি পুরোপুরি বদলে দেবে, এমনটা আশা করা যায় না। এর পরেই পশ্চিম এশিয়ায় ওয়াশিংটনের সহযোগী দেশগুলির উদ্দেশে সমাজমাধ্যমে মোজ়তবার হুঁশিয়ারি, ‘‘আমেরিকা যদি ইরানের উপর আবার হামলা শুরু করে, তা হলে যুদ্ধ পশ্চিম এশিয়ার আরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে। এ ধরনের আগ্রাসন আবার ঘটলে, যুদ্ধের পরিধি অনেক বেশি বিস্তৃত হবে।’’

মার্কিন ভোটে ট্রাম্পের দলের পরাজয়কে অবশ্য বুধবার কটাক্ষ করেছে ইরান সরকার। দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসের তরফে সমাজমাধ্যমে একটি পোস্টে লেখা হয়েছে, ‘‘যখন আর যেখানে আপনি শয়তানকে দেখবেন, তাকে টেনে নীচে নামান।’’ অন্য দিকে, ট্রাম্পকে নিয়ে সমাজমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক এআই ভিডিয়ো পোস্ট করেছে ভারতের ইরানি দূতাবাস। তাতে দেখা যাচ্ছে, চার ব্যক্তি মিলে ট্রাম্পকে তুলে ‘বিপজ্জনক বর্জ্য’ লেখা একটি ডাস্টবিনে ছুড়ে ফেলে দিচ্ছেন। নীচে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমেরিকার মধ্যবর্তী নির্বাচন’। ঘটনাচক্রে, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় নিয়ে বুধবার কার্যত একই ‘তত্ত্ব’ মিলেছে ট্রাম্প এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফের থেকে! উভয়েই মনে করছেন, আমেরিকা-ইরান যুদ্ধ এই ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
US Midterm Elections Strait of Hormuz US-Iran Conflict

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy