যতই মতপার্থক্য থাক, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় নিয়ে কার্যত একমত ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ। উভয়েই মনে করছেন, আমেরিকা-ইরান যুদ্ধ এই ভোটে বড় প্রভাব ফেলেছে।
বুধবার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের কারণ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘ফক্স নিউজ়’-কে বলেন, “আমার ধারণা, কিছুটা ইরানের (যুদ্ধ) জন্য এটা হয়েছে।” একই সঙ্গে তিনি বলেন, “ইরানের সঙ্গে আমি যা করেছি, তার গুরুত্ব মানুষ বুঝেছেন।”
ট্রাম্পের চেয়ে অনেক সুস্পষ্ট ভাবে ইরান যুদ্ধকে রিপাললিকানদের পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করেছেন ঘালিবাফ। ইরানের পার্লামেন্টের স্পিকার জানান, ভোটের ফল থেকেই স্পষ্ট, আমেরিকার নাগরিকেরা যুদ্ধে না বলছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, “আমেরিকার লোকেরা বলছেন, যুদ্ধ নয়। এই বার্তাকে আমরাও সমর্থন করছি।” ঘালিবাফ জানান, জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে আমেরিকা যদি অন্য আন্তর্জাতিক শক্তির স্বার্থ সুরক্ষিত রাখতে যুদ্ধে নামে, তা হলে ইরানও না বলবে। আর সে না আমেরিকার কাছে দুঃস্বপ্নের মতো হবে বলে জানান তিনি।