সোনার দোকানে ঢুকে সমস্ত গয়না লুট করার অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, লুটপাট চালানোর সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে মালিকের গলা চেপে ধরে রাখা হয়। ঘটনাটি বুধবার রাত ৯টা নাগাদ হাওড়ার সাঁকরাইলের ঝোরহাটে ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় হাওড়া সিটি পুলিশ। তিন দুষ্কৃতীর খোঁজ চালানো হচ্ছে। অস্ত্র দেখিয়ে এ ভাবে ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও দোকানদারেরা।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে সোনার দোকান থেকে গ্রাহকেরা বেরিয়ে যাওয়ার পরেই, একটি বাইকে চেপে আসে তিন দুষ্কৃতী। তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। বাকি দু’জনের মুখ ঢাকা ছিল মাস্কে। দোকানে ঢুকেই মালিকের গলা চেপে ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে লুটপাট চালায় তারা। বাধা দেওয়ায় দোকানদারকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। এরপর প্রায় আধ ঘণ্টার মধ্যে সোনার গয়না লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। লুটপাটের ছবি ধরা পড়েছে দোকানের সিসিটিভিতে। কত টাকার গয়না লুট হয়েছে, তা এখনও জানা যায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।