সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে রবিবার আরামবাগ পুরসভার বাৎসরিক উৎসবের আনুষ্ঠানিক সূচনা হল। বাম আমলে শুরু হওয়া এই ‘আরামবাগ উৎসব’-এর নামের সঙ্গে এ বার প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নাম সংযুক্ত করে ‘অটল আরামবাগ উৎসব’ করা হয়েছে। মূল উৎসবটি হবে শহরের বয়েজ স্কুল মাঠে আগামী ২৫ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২ জানুয়ারি পর্যন্ত।
৪০ বছরে পা দেওয়া মেলাটি বরাবর আট দিনের থাকলেও এ বারে একটি দিন বাড়ানো হয়েছে বলে পুর উৎসব কমিটি সূত্রে জানা গিয়েছে। এ দিন সূর্য সেন সুইমিং পুল তথা শিশু উদ্যান পার্কে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন আরামবাগের মহকুমাশাসক খুশহালি সোলাঙ্কি। উপস্থিত ছিলেন দুই বিধায়ক— আরামবাগের হেমন্ত বাগ, পুরশুড়ার বিমান ঘোষ, পুর প্রশাসক সমর দত্ত প্রমুখ। উদ্যোক্তারা জানান, মূল উৎসব শুরুর আগে সাঁতার প্রতিযোগিতার পাশাপাশি চলবে অন্যান্য খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা।
বর্তমানে পুরবোর্ড নেই। পুরসভা চালাচ্ছেন প্রশাসক। দীর্ঘদিন ধরে চলা উৎসবের নামে পরিবর্তন প্রসঙ্গে এক পুর আধিকারিক বলেন, ‘‘উৎসব কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত।’’ উৎসব কমিটিতে থাকা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, “অটলজি শুধু বিজেপির লোক নন। ওই রাষ্ট্রনায়কের গ্রহণযোগ্যতার বিস্তার দলমত নির্বিশেষে সমস্ত স্তরে।’’ তবে, উৎসবের চরিত্রের কোনও বদল হবে না বলে জানান তিনি।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে পুরবোর্ড দখলের পরে সে বছর থেকেই তৎকালীন চেয়ারম্যান সিপিএমের গোপাল কচ আরামবাগ উৎসবের সূচনা করেন। প্রথমে নাম ছিল ‘আরামবাগ যুব উৎসব’। বছর কয়েক পরে নাম হয় ‘আরামবাগ উৎসব’। তৃণমূল ক্ষমতায় এসে সেই নামইবহাল রাখে।