‘চেজ়মাস্টার’ তকমা তাঁর নামের সঙ্গে বহু দিন আগেই লেগে গিয়েছিল। সেই তকমায় এ বার সিলমোহর পড়ল। এক দিনের ক্রিকেটে সফল রান তাড়া করে জয়ের নিরিখে সর্বাধিক রানের মালিক হলেন তিনি। এত দিন এই সিংহাসনে বসেছিলেন সচিন তেন্ডুলকর। সচিনকে সিংহাসন থেকে সরিয়ে দিলেন কোহলি।
অকল্যান্ডে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১৮৬ রান তাড়া করতে নেমে ৫১ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন কোহলি। ১৩টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। কোহলির ব্যাটে ভর করে জিতেছে ভারত। এই ইনিংসের পর সকলকে ছাপিয়ে গিয়েছেন কোহলি।
কোহলি ভারতের হয়ে সফল রান তাড়া করতে গিয়ে ১৬৯ ইনিংসে ৮৭৪১ রান করেছেন। এত দিন এই রেকর্ড ছিল সচিনের। তিনি ভারতের হয়ে ২৩২ ইনিংসে ৮৭২০ রান করেছিলেন। বুধবার সচিনকে ছাপিয়ে গেলেন কোহলি। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত খেললে এখনও বেশ কিছু এক দিনের ম্যাচ খেলার সুযোগ পাবেন কোহলি। অর্থাৎ, এই রানের সংখ্যা আরও বাড়ানোর সুযোগ পাবেন ভারতীয় ব্যাটার।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ১৬৩ ইনিংসে ৬৮০১ রান করেছেন তিনি। অর্থাৎ, প্রথম তিন জনই ভারতীয়। চার নম্বরে রয়েছেন সনৎ জয়সূর্য। শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার ২১০ ইনিংসে ৫৭৪২ রান করেছেন। পাঁচ নম্বরে থাকা সাউথ আফ্রিকার প্রাক্তন ব্যাটার জ্যাক কালিস ১৫৮ ইনিংসে ৫৫৭৫ রান করেছেন।
বুধবার অকল্যান্ডে আরও একটি রেকর্ড গড়েছেন কোহলি। বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে এক দিনের ক্রিকেটে তিন নম্বরে নেমে ১৩ হাজার রান করেছেন তিনি। অকল্যান্ডের ইডেন পার্কে এই নজির গড়তে এ দিন কোহলি প্রয়োজন ছিল মাত্র ১২ রান। নিজের ইনিংসের ১৩তম বলেই এই নজির গড়েন কোহলি। বৃহস্পতিবার তাঁর জন্মদিন। তার আগের দিন নতুন কীর্তি গড়েছেন তিনি।
আরও পড়ুন:
এক দিনের ক্রিকেটে বরাবর তিন নম্বরে নামেন কোহলি। এই পজিশনে তিনি যে কতটা শক্তিশালী, তার প্রমাণ আরও এক বার পাওয়া গেল। মাত্র ২৫১ ইনিংসে ১৩ হাজার রান হয়ে গেল কোহলি। এই পজিশনে তাঁর ৪৮টি শতরান এবং ৭০টি অর্ধশতরান রয়েছে।
এই পজিশনে যাঁরা খেলেন তাঁদের অনেকের ১০ হাজার রানই নেই। কোহলির সেখানে ১৩ হাজার রান পেরিয়ে গিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটার রিকি পন্টিংয়ের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিলেন কোহলি।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক দ্বিতীয় স্থানে রয়েছেন ১২,৬৬২ রান নিয়ে। আর কোনও ব্যাটারের ১০ হাজারের উপর রান নেই। তিনে থাকা শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার রয়েছে ৯,৭৪৭ রান, চারে থাকা জাক কালিসের রয়েছে ৭,৭৭৪ রান। এর পর রয়েছেন কেন উইলিয়ামসন (৬,৫০৪), বাবর আজ়ম (৬,০৫৪) এবং জো রুট (৫,৫২৫)। এর মধ্যে বাবর ও রুট এখনও ক্রিকেট খেলেন। তবে কোহলির থেকে তাঁরা অনেক পিছিয়ে।