ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিরুদ্ধে হার বাঁচাতে লড়ছে বাংলা। প্রথম তিন ম্যাচ জেতার পর ঘরের মাঠে হঠাৎ ছন্দপতন অভিমন্যু ঈশ্বরণদের। বাংলার প্রথম ইনিংসে ১৪৩ রানের জবাবে পৃথ্বী শয়েরা করেন ২১৮। এর পর তৃতীয় দিনের খেলার শেষে বাংলার দ্বিতীয় ইনিংসের রান ৪ উইকেটে ৭৬। মাত্র ১ রানে এগিয়ে রয়েছে লক্ষ্মীরতন শুক্লর দল।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বাংলার ব্যাটারেরা প্রত্যাশা মতো খেলতে পারলেন না। ফলে সরাসরি হারের আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টি এবং কম আলোর জন্য বুধবার সব মিলিয়ে মাত্র ২৭.৫ ওভার খেলা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার গোটা দিন খেলা হলে বাংলার হার বাঁচানো কঠিন হতে পারে। প্রথম তিন দিনের মতো আবহাওয়াকে পাশে পেলে এ যাত্রা মানরক্ষার সুযোগ পেতে পারেন ঈশ্বরণেরা।
দ্বিতীয় দিনের খেলার শেষে মহারাষ্ট্রের রান ছিল ৯ উইকেটে ২০৭। বুধবার তারা তোলে আর ১১ রান। তনয় সাঙ্ঘভি ৬০ রান করে অপরাজিত থাকেন। আগের দিন অপরাজিত থাকা প্রদীপ দাধে করেন ২৭। প্রদীপকে আউট করে মহারাষ্ট্রের ইনিংস শেষ করেন মহম্মদ শামি। ৩৭ রানে ৪ উইকেট শামির।
৭৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা। এমন পরিস্থিতিতে ব্যাটারদের কাছে ভাল লড়াই প্রত্যাশিত ছিল। কিন্তু প্রায় কেউই নিজেদের সুনামের প্রতি সুবিচার করতে পারলেন না। ঈশ্বরণ (৯), সুদীপ ঘরামী (১২), সুদীপ চট্টোপাধ্যায়ের (০) মতো অভিজ্ঞেরা হতাশ করলেন। কিছুটা লড়াই করলেন ওপেনার
অঙ্কুর পাল (৩২)। প্রথম ইনিংসের মতোই কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে ব্যাট করছেন উইকেটরক্ষক অভিষেক পোড়েল। দিনের শেষে চন্দননগরের তরুণ অপরাজিত রয়েছেন ২৩ রানে। তাঁর সঙ্গে ২২ গজে রয়েছেন সুরজ জয়সবাল (০)।
আরও পড়ুন:
মহারাষ্ট্রের বোলারদের মধ্যে ২২ রানে ২ উইকেট তনয়ের। ৮ রানে ১ উইকেট নিয়েছেন হিতেশ ওয়ালুঞ্জ। এ ছাড়া ২২ রানে ১ উইকেট প্রদীপের।