আগামী এক দিনের বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের। ওয়ান্ডারার্সে মুখোমুখি হবে দু’দল। সাউথ আফ্রিকার এই স্টেডিয়ামে ৩৪ হাজার দর্শকাসন রয়েছে। অথচ টিকিটের জন্য আবেদন জানিয়েছেন ৮৪ লাখ ক্রিকেটপ্রেমী।
২০২৭ সালের ১০ অক্টোবর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ হয়ে যাওয়ার পর বহুদলীয় প্রতিযোগিতাগুলির জন্য অপেক্ষা করে থাকেন ক্রিকেটপ্রেমীরা। ভারত-পাকিস্তানের প্রতিটি ম্যাচেই দেখা যায় চেনা উন্মাদনা। দু’দেশের সমর্থকেরাই ভিড় করেন মাঠে। গ্যালারি জুড়ে তৈরি হয় অন্য রকম পরিবেশ। আগামী বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচও ব্যতিক্রম নয়। জোহানেসবার্গের এই ম্যাচ ঘিরেই আগ্রহ সবচেয়ে বেশি। ওই ম্যাচের টিকিটের জন্য এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে আবেদন করেছেন ৮৩ লাখ ৯৭ হাজার ২৯৪ জন। যা স্টেডিয়ামের দর্শকাসনের ২৫০ গুণ!
বিশ্বকাপের ফাইনাল হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সেই। ফাইনালের টিকিটের জন্য আবেদন জানিয়েছেন ৭৯ লাখ ৯৪৪ জন। অর্থাৎ ফাইনালের থেকেও আগ্রহ বেশি ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। এই মাঠেই ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত-পাকিস্তান। সে বার পাকিস্তানকে হারিয়ে মহেন্দ্র সিংহ ধোনির দল চ্যাম্পিয়ন হয়েছিল।
শুধু পাকিস্তান ম্যাচ নয়, ভারতের সব ম্যাচেই টিকিটের চাহিদা তুঙ্গে। ভারতের ম্যাচগুলি নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। গ্রুপ পর্বের পাশাপাশি সুপার সেভেন পর্বের ম্যাচগুলি নিয়েও আগ্রহ রয়েছে। আইসিসি সম্ভাব্য দলগুলির বিন্যাস জানিয়ে দিয়েছে। ভারত এবং পাকিস্তান দু’দলই সুপার সেভেনে উঠলে মুখোমুখি হতে পারে ২০২৭ সালের ৭ নভেম্বর। সেই ম্যাচ নিয়েও ভাল আগ্রহ রয়েছে।
আগামী ২১ নভেম্বর পর্যন্ত টিকিটের জন্য আবেদন করা যাবে। মনে করা হচ্ছে, ভারতের ম্যাচগুলির টিকিটের চাহিদা আরও কিছুটা বাড়বে। এখনও পর্যন্ত সব মিলিয়ে ১৯৩টি দেশ থেকে ১২ কোটি টিকিটের আবেদন পেয়েছে আইসিসি।