Advertisement
E-Paper

খেলা ঘোরাল রোহিত ভাই, জেতাল বিরাট ভাই! প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে নেতা শুভমনের মুখে সেই ‘রো-কো’

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন ক্ষেত্রেই দাপট দেখিয়েছে ভারত। তবে দলের এই জয়ের পর সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক শুভমন গিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৭:০৮
cricket

ম্যাচ জিতে ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: এএফপি।

এই বয়সেও ভারতকে জেতাচ্ছেন দু’জন। সেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। অকল্যান্ডে প্রথম এক দিনের ম্যাচেও এই দু’জনের হাতেই ভারত জিতেছে বলে মনে করেন অধিনায়ক শুভমন গিল। তাঁর মতে, রোহিত খেলা ঘুরিয়ে দিয়েছেন। জিতিয়েছেন কোহলি।

প্রথম বল করে নিউ জ়িল্যান্ডকে ১৮৫ রানে অল আউট করে দেয় ভারত। তাই দলের বোলার ও ফিল্ডারদের বাড়তি কৃতিত্ব দিচ্ছেন শুভমন। তিনি বলেন, “আমরা ভাল বোলিং ও ফিল্ডিং করেছিলাম। রোহিত ভাইয়ের রান আউট খেলা ঘুরিয়ে দিয়েছে। সেই সময় মিচেল ও ফিলিপ্সের মধ্যে ভাল জুটি হচ্ছিল। একটা জুটি খেলা ওদের দিকে ঘুরিয়ে দিতে পারত। কিন্তু রোহিত ভাই খেলা ঘুরিয়ে দিল।”

মিচেল ও ফিলিপ্স, দু’জনেরই ভারতের বিরুদ্ধে রেকর্ড ভাল। টি-টোয়েন্টি সিরিজ়েও দু’জনেই ভাল খেলেছেন। এই ম্যাচে যদি মিচেল ও ফিলিপ্সের মধ্যে জুটি হত, তা হলে ভারতকে হয়তো আরও বেশি রান তাড়া করতে হত। তাতে সমস্যা হত। কিন্তু ২৮ রানের মাথায় মিচেলকে রান আউট করেন রোহিত। তাতে বড় ধাক্কা খায় নিউ জ়িল্যান্ড। সেই উইকেটের কথা শোনা গিয়েছে শুভমনের মুখে।

অর্শদীপ সিংহ ৪ উইকেট নিলেও ৭০ রান দিয়েছেন। সেই তুলনায় অংশুল কম্বোজ ও গুরনুর ব্রার উইকেট নেওয়ার পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিং করেছেন। কম্বোজ ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ব্রার ৩ উইকেট নিয়েছেন ৪৪ রান দিয়ে। কিউয়ি ব্যাটারদের হাত খুলতে দেননি তাঁরা। সেই কারণে আলাদা করে দুই পেসার কম্বোজ ও ব্রারের প্রশংসা করেছেন শুভমন। তিনি বলেন, “এই ধরনের পরিবেশ কম্বোজের জন্য উপযুক্ত। নতুন ও পুরনো দুই বলেই ও সুইং করাতে পারে। ব্রার আবার বাড়তি বাউন্স পায়। দু’জন এই পিচে দুর্দান্ত বল করেছে।”

জয়ের লক্ষ্য বেশি না হলেও শুরুতে রোহিতের উইকেট হারিয়েছিল ভারত। তার পর কোহলি পাল্টা আক্রমণ শুরু করেন। তাঁর ৫১ বলে ৭৪ রানের ইনিংস ভারতের জয়ের ভিত গড়ে দেয়। কোহলির ব্যাটিংয়ের প্রশংসাও করেন শুভমন। ভারত অধিনায়ক বলেন, “বৃষ্টির মধ্যে রান তাড়া করা সহজ নয়। বৃষ্টি হওয়ায় পিচে বলের গতি বেড়ে গিয়েছিল। আমরা স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করছিলাম। সেই সময় যে ভাবে বিরাট ভাই ব্যাট করল, তা অসাধারণ। ও আমাদের কাজটা অনেক সহজ করে দিল। ম্যাচ জেতাল বিরাট ভাই।”

জয় দিয়েই এক দিনের সিরিজ় শুরু করেছে ভারত। শনিবার ওয়েলিংটনে দ্বিতীয় ম্যাচ। সেখানেও একই ধরনের পারফরম্যান্স করে দেখাতে চান শুভমনেরা। শুরুতেই সিরিজ়ের রাশ নিজেদের হাতে তুলে নিতে চায় ভারত।

India Vs New Zealand Shubman Gill Virat Kohli Rohit Sharma

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy