প্রথম এক দিনের ম্যাচে ভারতের ইনিংস চলাকালীন একাধিক বার বাদ সেধেছে বৃষ্টি। তার মধ্যে দ্বিতীয় ক্ষেত্রে বৃষ্টি শুরু হওয়ার পরেও খেলা চালিয়ে যাচ্ছিলেন আম্পায়ারেরা। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরাট কোহলি এবং শুভমন গিল।
প্রথম বার বৃষ্টি নামে ভারতের ইনিংসের ১১তম ওভারে। ১৮৬ রান তাড়া করতে নেমে ভারতের স্কোর তখন ৫৪/১। কোহলি ব্যাট করছিলেন ২৯ রানে। শুভমন ক্রিজে ছিলেন ১৭ রানে। প্রায় এক ঘণ্টা বিরতির পর খেলা শুরু করা হয়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের লক্ষ্য কমে দাঁড়ায় ৪০ ওভারে ১৬৭ রান। কয়েকটি বল হওয়ার পরেই আবার বৃষ্টি শুরু হয়।
আম্পায়ারেরা চাইছিলেন ১২তম ওভারটি সম্পূর্ণ করতে। তবে পরিবেশ দেখে রাজি ছিলেন না কোহলি এবং শুভমন। সেই ওভারের শেষ বলের আগে আম্পায়ার পল রাইফেলের দিকে তাকিয়ে কোহলি বলেন, “এক বার সাইটস্ক্রিনের দিকে তাকান। বল তো দেখতেই পারছি না।” এর পর চায়ের পটের মতো অদ্ভুত ভঙ্গিতে দাঁড়ান কোহলি।
আরও পড়ুন:
-
কোহলির অর্ধশতরান, ভরসা দিলেন পঞ্জাবের দুই পেসার, বৃষ্টিবিঘ্নিত প্রথম এক দিনের ম্যাচে নিউ জ়িল্যান্ডকে হারাল ভারত
-
জন্মদিনের আগের দিন নতুন নজির কোহলির, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই এক দিনের ক্রিকেটে গড়লেন রেকর্ড
-
হার্দিককে বিক্রি করা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত মুম্বইয়ের, শেষ পর্যায়ের আলোচনা কয়েকটি দলের সঙ্গে, সিদ্ধান্ত সূর্যকুমারকে নিয়েও
শুভমনও কথা বলতে থাকেন স্ক্যোয়ার লেগ আম্পায়ারের সঙ্গে। তবে দুই আম্পায়ারই খেলা চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন। সেই মুহূর্তে নিউ জ়িল্যান্ডের বোলার ব্লেয়ার টিকনার জামা দিয়ে মাথা ঢেকে ফেলেন। শুভমনও বল খেলার জন্য তৈরি হন। শেষ বলটি হওয়ার পরেই খেলা থামিয়ে দেন আম্পায়ারেরা। এক ঘণ্টা পর আবার খেলা শুরু হয় এবং কোহলির অর্ধশতরানে ভর করে ভারত ম্যাচটি জেতে।