হার্দিক পাণ্ড্যকে শেষ পর্যন্ত বিক্রিই করে দেবে মুম্বই ইন্ডিয়ান্স। জানা গিয়েছে, কয়েকটি দলের সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। শুধু কিছু বিষয়ে দু’দল একমত না হওয়ার কারণে বিষয়টি আটকে রয়েছে। তবে মুম্বই স্পষ্ট করে দিয়েছে, ব্যর্থতা সত্ত্বেও ছাড়া হবে না সূর্যকুমার যাদবকে।
শোনা যাচ্ছিল, হার্দিকের পাশাপাশি সূর্যকুমারকেও অন্য দলে বিক্রি করা হতে পারে। গত মরসুমে ভাল খেলতে পারেননি তিনি। ১৩ ম্যাচে মাত্র ২৭০ রান করেছিলেন। তবে ২০২৫-এর আইপিএলে ১৬ ম্যাচে ৭১৭ রান করেছিলেন সূর্যকুমার। তাই তাঁকে ছাড়ার ভাবনাই নেই মুম্বইয়ের।
‘ক্রিকবাজ়’-কে মুম্বই দলের এক সূত্র বলেছেন, “স্কাইকে কখনওই ট্রেডিংয়ের ব্যাপারে ভাবা হয়নি। এ নিয়ে কোনও আলোচনাই হয়নি এবং হবেও না।”
সূত্রের খবর, পঞ্জাব কিংস থেকে অর্শদীপ সিংহকে নিয়ে হার্দিককে বিক্রি করে দেওয়া হতে পারে। মুম্বইয়ের তরফে এ নিয়ে কিছু জানানো হয়নি। আবার অস্বীকারও করা হয়নি।
জল্পনায় ঢুকে পড়েছে রাজস্থান রয়্যালসও। হার্দিককে দলে পেতে যশস্বী জয়সবালের সঙ্গে রবি বিশ্নোইকেও ছেড়ে দেওয়া হতে পারে। তবে মুম্বই খুব একটা আগ্রহী নয়। তারা চাইছে হার্দিকের বদলে জোরে বোলার নিতে। সে ক্ষেত্রে জফ্রা আর্চারকে নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু মুম্বই আবার আর্চারের বিষয়ে বিশেষ আগ্রহী নয়।
মুম্বই চায় একজন ভাল ব্যাটার এবং জোরে বোলার। সে কারণে মিনি নিলামেও ঝড় তুলতে পারে তারা। ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহারের পারফরম্যান্স গত মরসুমে নজর কাড়তে পারেনি। হার্দিককে ছাড়া হলে একজন ভাল মানের জোরে বোলার চাই তাদের।
আরও পড়ুন:
কলকাতার থেকে হর্ষিত রানা এবং একজন ব্যাটার নিয়ে হার্দিককে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল মুম্বই। কিন্তু হর্ষিতকে কোনও ভাবেই ছাড়তে চায় না কেকেআর। তাই কথা বিশেষ এগোয়নি। পরিস্থিতি যা, তাতে অর্শদীপকে নতুন জার্সিতে দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে পঞ্জাব এ বিষয়ে মুখ খোলেনি। আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলে বিভিন্ন মহলের মত।