নিউ জ়িল্যান্ডে গিয়ে প্রথম বার খেলতে নেমেছিলেন তাঁরা। প্রথম এক দিনের ম্যাচেই মাতিয়ে দিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। প্রথম জন ঝাঁপিয়ে পড়ে এক হাতে ক্যাচ নিয়েছেন। দ্বিতীয় জন দুরন্ত একটি রান আউট করেছেন। প্রথম ম্যাচেই ফিটনেস নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন দু’জনে।
প্রথম ঘটনাটি ঘটে ২৯তম ওভারে। অংশুল কম্বোজের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন নেথান স্মিথ। বল তাঁর ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে যায়। সেখানে ফিল্ডিং করছিলেন কোহলি। কিছুটা নিচু হয়ে আসা ক্যাচ ঝাঁপিয়ে পড়ে এক হাতে লুফে নেন তিনি। এর পরেই দৌড়োতে থাকেন। সঙ্গে সঙ্গে এসে তাঁকে জড়িয়ে ধরেন সতীর্থেরা। এর পর কোহলিকে তির থেকে ধনুক ছোড়ার কায়দায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
রোহিত অবশ্য তার আগেই রান আউট করেন। ঘটনাটি ঘটে ২২তম ওভারে। অক্ষর পটেলের বলে লেগ সাইডে টোকা দিয়ে দ্রুত রান নিতে গিয়েছিলেন গ্লেন ফিলিপস। মিড উইকেটে ফিল্ডিং করছিলেন রোহিত। তিনি দ্রুত এগিয়ে এসে বল ধরে শরীর ছুড়ে সেই বল ছু়ড়ে দেন উইকেটকিপার কেএল রাহুল। রাহুল সঙ্গে সঙ্গে উইকেট ভেঙে দেন। ফিলিপস রান নেওয়ার সময় কিছুটা দোনোমোনো করেছিলেন। ফলে মিচেলও সঙ্গে সঙ্গে দৌড় শুরু করেননি। দুই ব্যাটারের ভুল বোঝাবুঝি কাজে লাগিয়ে রান আউট করেন রোহিত।
আরও পড়ুন:
প্রথম এক দিনের ম্যাচেই বোঝা গিয়েছে, দুই ক্রিকেটারের ফিটনেস তু্ঙ্গে রয়েছে। কোহলি যেমন অকল্যান্ডে পা দেওয়ার সঙ্গে সঙ্গে অনুশীলনে নেমে পড়েছিলেন, রোহিতও সময় নেননি। তিনি এক দিন অনুশীলন করেননি। তবু রোহিতের ফিল্ডিংয়ের ধার যে কমেনি, তা স্পষ্ট বোঝা গিয়েছে।