Advertisement
E-Paper

১৭ মিনিটে রেকর্ড চার গোল! পিএসজি-ঝড়ে উড়ে গেল ভিয়ারিয়াল, অবশেষে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জয় বার্সারও

চ্যাম্পিয়ন্স লিগে থামানোই যাচ্ছে না প্যারিস সঁ জরমঁকে। তারা ৬-০ উড়িয়ে দিয়েছে ভিয়ারিয়ালকে। নয় ম্যাচ পর অবশেষে জিতেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। জয় পেয়েছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলানও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১০:৫৪
football

পিএসজি ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স লিগে থামানোই যাচ্ছে না গত দু’বারের বিজয়ী প্যারিস সঁ জরমঁকে। মঙ্গলবার তারা অ্যাওয়ে ম্যাচে ৬-০ উড়িয়ে দিয়েছে ভিয়ারিয়ালকে। ম্যাচের প্রথম ১৭ মিনিটে চার গোল করে নজির গড়েছে তারা। এ দিকে, নয় ম্যাচ পর অবশেষে জিতেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। জয় পেয়েছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলানও।

ভিয়ারিয়ালের বিরুদ্ধে শুরু থেকেই দাপট ছিল পিএসজি-র। কিন্তু এত দ্রুততার সঙ্গে তারা গোল করবে তা কেউই ভাবতে পারেননি। জোয়াও নেভেস, ডেজিরে ডুয়ে, সেনি মায়ুলু এবং ফ্যাবিয়ান রুইজ গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে রুইজ আরও একটি গোল করেন। পিএসজি-র শেষ গোল ডেভিড বলির। চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম দল হিসাবে চার গোল করার নজির গড়েছে পিএসজি। ম্যাচের পর রুইজ বলেছেন, “এত গোল প্রত্যাশা করিনি। তবে কোনও কোনও ম্যাচে এমনটা হয়ে যায়। গোটা ম্যাচেই আমরা ভাল খেলেছি।”

এ দিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে গত ন’টি ম্যাচে জিততে পারেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মঙ্গলবার অবশ্য সব বদলে দিয়েছে ম্যাথিউস কুনহার জোড়া গোল। শুরুটা অবশ্য ভাল হয়নি। ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধেই মাতিয়াস সুলে এবং ডনিয়েল মালেনের গোলে এগিয়ে গিয়েছিল রোমা। বিরতিতে মাঠ ছাড়ার সময় ইউনাইটেডের সমর্থকেরা দলকে বিদ্রুপ করেন। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে একটি গোল শোধ করেন ব্রুনো ফের্নান্দেস। তবে শেষের দিকে পর পর দু’টি গোল করে ইউনাইটেডকে জয় এনে দেন কুনহা। তবে নাটক হয় প্রথমার্ধে। সমর্থকেরা টেনিস বল ছুড়ে ম্যাচে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁরা প্রতিবাদ করতে চেয়েছিলেন ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে। বল সরানোর জন্য কিছু ক্ষণ বন্ধ থাকে ম্যাচ।

ক্যাম্প ন্যু-তে বার্সেলোনা নেমেছিল অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। লেমিনে ইয়ামাল সাত মিনিটেই দলকে এগিয়ে দেন। এর পর জোড়া গোল রাফিনহার। অবশেষে ছন্দে ফিরেছেন ব্রাজ়িলীয় ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগে কিশোর হিসাবে সবচেয়ে বেশি (১৪) গোল করলেন ইয়ামাল। টপকালেন কিলিয়ান এমবাপেকে।

বায়ার্ন মিউনিখ ২-০ হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধে লেনার্ট কার্ল এবং কনরাড লাইমার গোল করেন। ইয়ান বিসেক, পিয়ো এসপোসিতো এবং পিয়োতর জিয়েলিনস্কির গোলে ইন্টার ৩-০ হারিয়েছে ফেয়েনুর্ডকে।

UEFA Champions League PSG FC Barcelona FC Bayern Munich Manchester United

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy