ছেলেবেলায় স্বপ্ন দেখতেন ব্রাজ়িলের রোনাল্ডোর মতো ফুটবলার হবেন। শৈশবের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি রাফায়েল নাদালের। হয়েছেন বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। ফুটবল ভক্ত নাদাল রিয়াল মাদ্রিদের সমর্থক। এ বার নিজের প্রিয় ক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে স্পেনের প্রাক্তন টেনিস খেলোয়াড়কে।
২০১১ সাল থেকে রিয়ালের সাম্মানিক সদস্য নাদাল। এ বার তিনি ক্লাব পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত হলেন। বুধবার নাদালের নাম বোর্ড অফ ডিরেক্টর্সে অন্তর্ভুক্ত করেছেন রিয়াল কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রাফায়েল নাদাল ক্রীড়া এবং মানবিক গুণ সম্পন্ন এক জন ব্যক্তিত্ব। তিনি স্পেন এবং বিশ্ব ক্রীড়াঙ্গনের অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁকে আমাদের পরিচালন পর্ষদের সদস্য হিসেবে পাওয়া রিয়াল মাদ্রিদ এবং ক্লাবের সমস্ত সমর্থকের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা আশা করি, তিনি ক্লাবের বর্তমান এবং ভবিষ্যৎ উন্নয়নে অবদান রাখবেন।’’ আগামী ২১ নভেম্বর রিয়ালের বার্ষিক সাধারণ সভা রয়েছে। ওই সভায় সদস্যদের ভোটাভুটির মাধ্যমে নাদালের নিয়োগ অনুমোদিত হবে।
রিয়ালের বোর্ড অফ ডিরেক্টর্সে যোগ দেওয়ার কথা সমাজমাধ্যমে নিজেও জানিয়েছেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। তিনি লিখেছেন, ‘‘আমাকে রিয়াল মাদ্রিদের পরিচালন পর্ষদে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়ার জন্য সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ় এবং পরিচালন পর্ষদের সকলকে ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সঙ্গে এই প্রস্তাব গ্রহণ করেছি। নতুন দায়িত্বে অনেক কিছু শেখার এবং নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখার জন্য মুখিয়ে রয়েছি।’’
আরও পড়ুন:
৪০ বছরের প্রাক্তন টেনিস খেলোয়াড় জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। এ বার কোর্টে বা মাঠে নয়। মাঠের বাইরে ক্রীড়া প্রশাসক হিসেবে কাজ করবেন। নিজের প্রিয় খেলার উন্নতিতে অবদান রাখতে চান।