বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে চরম অব্যবস্থার শিকার ভারতীয় ফুটবল দল। ৫ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তার আগে মঙ্গলবার ঢাকা পৌঁছে ভারতের ফুটবলারেরা জানতে পারেন, হোটেলে তাঁদের জন্য কোনও ঘর বরাদ্দই করা নেই। নির্দিষ্ট হোটেলে পৌঁছেও দীর্ঘক্ষণ বাইরে বসে থাকতে হয় তাঁদের।
খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে ঢাকা গিয়েছে ভারতীয় দল। যদিও একটা সময় পর্যন্ত দল পাঠাতে রাজি ছিল না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কারণ এই ফিফা উইন্ডোয় নিউ জ়িল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানে দু’টি প্রীতি ম্যাচ খেলবে খালিদ জামিলের দল। পরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের মধ্যস্থতায় এবং বাংলাদেশের অনুরোধে ঢাকার প্রতিযোগিতায় নৌসাদ মুসার কোচিংয়ে মূলত অনূর্ধ্ব-২৩ দল পাঠাতে রাজি হয় এআইএফএফ। তার পরও ভারতীয় ফুটবল দল ঢাকা পৌঁছে চরম অব্যবস্থার শিকার হল।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ১৫ মিনিটে ঢাকায় পৌঁছোয় ভারতীয় দল। ভারতীয় দলকে গুলশান কলোনির একটি হোটেলের ঠিকানা দেওয়া হয়। সেই হোটেলে পৌঁছে ভারতীয় ফুটবলারেরা জানতে পারেন, তাঁদের জন্য কোনও ঘর বরাদ্দ করা নেই। বিকাল ৫টা পর্যন্ত এরকম রাস্তাতেই কাটাতে হয় ভারতীয় ফুটবলারদের। বিষয়টি জানানো হয় বাংলাদেশ ফুটবল সংস্থার কর্তাদের। তার পর তাঁরা বিকল্প ব্যবস্থা করার চেষ্টা শুরু করেন।
আরও পড়ুন:
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য মূলত অনূর্ধ্ব-২৩ দলকে পাঠানো হয়েছে ঢাকায়। তবে জামিলের দলে সুযোগ না পাওয়া কয়েক জন সিনিয়র ফুটবলার রয়েছেন। প্রথম দফায় ১৮ জন ফুটবলার নিয়ে গিয়েছেন মুসা। কারণ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ফিফার ক্যালেন্ডার অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচের জন্য নির্দিষ্ট দিনে হচ্ছে না। তাই আইএসএলের ক্লাবগুলি সব ফুটবলারকে ছাড়েনি। তবে মলদীপের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে পুরো দল পেয়ে যাবেন মুসা।