Advertisement
E-Paper

আইপিএল নিলামে সৌরভের পরিকল্পনা সারা, তিন দিনের শিবির শেষে দিল্লি কোচ বলে দিলেন কোন বিদেশিদের নিতে চান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে মঙ্গলবার শেষ হল দিল্লি ক্যাপিটালসের তিন দিনের প্রাথমিক প্রস্তুতি শিবির। আগামী ৩০ নভেম্বর থেকে আবার পাঁচ দিনের প্রস্তুতি শিবির করবেন কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়।

অনির্বাণ মজুমদার

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ২১:৩৮
Picture of Cricket

সৌরভ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।

আইপিএলের নিলামের পরিকল্পনা অনেকটাই করে ফেলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। নিলামের আগে কাদের রাখা হবে, কাদের ছাড়া হবে, বিদেশি কাদের নেওয়া হবে— সে ব্যাপারে ইঙ্গিত দিলেন কোচ সৌরভ নিজেই।

দিল্লি ক্যাপিটালসের তিন দিনের প্রাথমিক প্রস্তুতি শিবির শেষ হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে। তিন দিনই উপস্থিত ছিলেন কোচ সৌরভ। বিগবসের শুটিং সেরে রবিবার মুম্বই থেকে কলকাতায় নেমে বিমানবন্দর থেকেই সরাসরি অনুশীলনে চলে এসেছিলেন। সোমবার আড়াই ঘণ্টা অনুশীলন করান ক্রিকেটারদের। মঙ্গলবারও সাড়ে প্রায় তিন ঘণ্টা অনুশীলন করিয়েছেন। মঙ্গলবার শেষ এক ঘণ্টা সৌরভ পড়ে থাকলেন জোরে বোলার মাধব তিওয়ারিকে নিয়ে। মধ্যপ্রদেশের জোরে বোলারকে হাতে ধরে দেখিয়ে দিয়েছেন, বলের লাইন-লেংথ। পিচের মাঝে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দিয়ে বল করিয়েছেন। ২০২৫ সালের নিলামে ৪০ লাখ টাকায় মাধবকে কেনেন দিল্লি কর্তৃপক্ষ। মধ্যপ্রদেশের টি-টোয়েন্টি লিগে খেলা বোলার দিল্লির হয়ে আইপিএলে চারটি ম্যাচ খেলেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই জানিয়েছে, ১৫ নভেম্বরের বদলে ১৭ নভেম্বর পর্যন্ত ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে পারবে আইপিএলের দলগুলি। বাড়তি দু’দিন সময় পাওয়ায় কিছুটা সুবিধা হয়েছে দলগুলির। সব দলই নিলামের পরিকল্পনা শুরু করে দিয়েছে। ব্যতিক্রম নয় দিল্লিও। কোচ হিসেবে পরিকল্পনা তৈরির মূল দায়িত্ব সৌরভেরই। সেই মতো দুই ক্রিকেটারকে ছেড়ে দু’জনকে নিয়েছেন তাঁরা। মঙ্গলবার শিবির শেষে সৌরভ বললেন, ‘‘টি নটরাজন এবং কুলদীপ যাদবকে আগেই ছেড়ে দিয়েছি আমরা। নটরাজনের বদলে জ়িশান আনসারি আর কুলদীপের বদলে ঋষভ পন্থকে নেওয়া হয়েছে।’’

আর কাদের ছেড়ে দেওয়া হবে, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন দিল্লি কোচ, কর্তারা। দুই বিদেশি ক্রিকেটারের দিকে নজর রয়েছে দিল্লি কর্তৃপক্ষের। সৌরভ বললেন, ‘‘আমাদের নজরে দুই বিদেশি ক্রিকেটার রয়েছে। অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক আর ওয়েস্ট ইন্ডিজ়ের শাই হোপকে নিতে চাই আমরা।’’

আবার কবে শিবির হবে? সৌরভ জানালেন, ‘‘৩০ নভেম্বর থেকে পাঁচ দিনের একটা প্রস্তুতি শিবির হবে কলকাতাতেই।’’ ২৬ বছরের লেগ স্পিনার জ়িশানকে নিয়েও আশাবাদী সৌরভ। ১০টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে উত্তরপ্রদেশের ক্রিকেটারের।

Sourav Ganguly Delhi Capitals IPL Auction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy