নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্ট খেলতে পারবেন না ঋষভ পন্থ। তবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁকে পাওয়া যেতে পারে। সব ঠিক থাকলে পন্থ ওয়েলিংটনে সরাসরি ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। ঘরোয়া ক্রিকেট খেলতে চেয়ে পন্থ আবার যোগাযোগ করেছেন দিল্লির ক্রিকেট কর্তাদের সঙ্গেও।
গত রবিবার বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে (সিইও) ফিটনেস পরীক্ষা দেন পন্থ। কিন্তু পাশ করতে পারেননি। ব্যাটিং এবং উইকেটরক্ষার অনুশীলন শুরু করলেও তাঁর ফিটনেস এখনও প্রতিযোগিতা ক্রিকেট খেলার জায়গায় পৌঁছোয়নি। বিসিসিআইয়ের চিকিৎসকেরা ভারতীয় দলকে জানিয়েছেন, আগামী ৯ নভেম্বর আবার ফিটনেস পরীক্ষা হবে পন্থের। সেই পরীক্ষার ফলের উপর নির্ভর করবে তাঁর নিউ জ়িল্যান্ডে যাওয়া। সব ঠিক থাকলে প্রথম টেস্টে খেলতে পারবেন উইকেটরক্ষক-ব্যাটার।
ইরানি কাপ ফাইনালে চোট পেয়েছিলেন পন্থ। তাঁর পেশিতে টান ধরে। গত ২৩ অক্টোবর থেকে পন্থ রয়েছেন সিওইতে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবারই পন্থের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে ভারতীয় দল এবং জাতীয় নির্বাচকদের ই-মেল করেছেন সিওইর চিকিৎসকেরা। একই সঙ্গে হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণের চোট সম্পর্কেও জানানো হয়েছে। যদিও গত রবিবার ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর জানান, তাঁর কাছে পন্থের ব্যাপারে কোনও তথ্য নেই।
বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘গত কয়েক দিন ধরে হালকা অনুশীলন শুরু করেছে পন্থ। ঠিক ছিল, আগামী শনিবার ওর সিমুলেশন পরীক্ষা হবে। ৫০ ওভারের একটি ম্যাচ খেলিয়ে দেখে নেওয়া হবে, কতটা ধকল নিতে পারছে। কিন্তু দীপাবলির জন্য ওই ম্যাচ হচ্ছে না। আগামী সোমবার ফিটনেস পরীক্ষায় পাশ করলে পন্থকে সরাসরি নিউ জ়িল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে। যাতে প্রথম টেস্টের আগে ও দেশের পিচ এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে।’’ ওই কর্তা আরও জানিয়েছেন, আগামী মঙ্গলবার ফিটনেস পরীক্ষা দেবেন হর্ষিত রানা। তাঁকে উদীয়মানদের এশিয়া কাপের দলে রাখা হয়েছে।
অন্য দিকে, দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) সূত্রে খবর, কোনও কারণে নিউ জ়িল্যান্ডে যাওয়া না হলে ঘরোয়া ক্রিকেট খেলতে চান পন্থ। ডিডিসিএ সভাপতি রোহন জেটলির সঙ্গে কথা বলেছেন পন্থ। ফিটনেসের সমস্যার কারণে নিউ জ়িল্যান্ড যেতে না পারলে মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হজারে ট্রফিতে খেলতে চান। উল্লেখ্য, ১৪ নভেম্বর থেকে শুরু হবে মুস্তাক আলি ট্রফি। পন্থের ঘরোয়া ক্রিকেটে খেলাও নির্ভর করবে সিওইর চিকিৎসকদের অনুমতির উপর। সব মিলিয়ে পন্থকে ঘিরে সংশয় বাড়ছে।