স্পেনের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে গুরুতর চোট পেয়ে প্রয়াত টেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগুয়েল। তাঁর বয়স হয়েছিল ৩০।
সোমবার আন্দোরার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গোলকিপার জেসুস ওওনোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে মাথা ও বুকে গুরুতর চোট পান দে মিগুয়েল। রেফারি সঙ্গে সঙ্গেই ওওনোকে লাল কার্ড দেখান। সোমবার মিগুয়েলের শারীরিক অবস্থা ‘গুরুতর হলেও স্থিতিশীল’ বলে জানিয়েছিল টেনেরিফ। কিন্তু মঙ্গলবার সকালে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সকাল আটটা নাগাদ মৃত্যু হয় তাঁর।
টেনেরিফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, জেসুস দে মিগুয়েল আলামেদা আর নেই। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো কোনও ভাষা আমাদের জানা নেই। পরিবার, তাঁর প্রিয়জন এবং টেনেরিফের সমস্ত মানুষের পাশে রয়েছি আমরা।’’ আন্দোরা ক্লাবের পক্ষ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে। যে ক্লাবের অন্যতম মালিক প্রাক্তন বার্সেলোনা ডিফেন্ডার জেরার পিকে। ক্লাবটির তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা গভীরভাবে শোকাহত।’’
স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই হৃদ্রোগে আক্রান্ত হন মিগুয়েল। পরে হাসপাতালের তরফে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল জানানো হলেও শেষরক্ষা হল না।