Advertisement
E-Paper

৮ গোল হরমনপ্রীতদের, দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত, বৃহস্পতিবার প্রতিপক্ষ জাপান

প্রত্যাশা মতোই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল টানা দু’বার অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দল। সেমিফাইনালে হরমনপ্রীত সিংহদের সামনে কোনও প্রতিরোধই গড়তে পারল না দক্ষিণ কোরিয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ২২:৫২
Picture of Hockey

খেলা শেযে হরমনপ্রীত সিংহের শুভেচ্ছা বিনিময় দক্ষিণ কোরিয়ার এক খেলোয়াড়ের সঙ্গে। ছবি: হকি ইন্ডিয়া।

দক্ষিণ কোরিয়াকে সেমিফাইনালে উড়িয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারতীয় হকি দল। হরমনপ্রীত সিংহেরা জিতলেন ৮-১ ব্যবধানে। প্রথমার্ধেই ৬-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয় এক রকম নিশ্চিত করে নেন গত বারের চ্যাম্পিয়নেরা। এই নিয়ে টানা তিনটি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৮ গোল করে দিল ভারত।

প্রত্যাশা মতোই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল এশিয়ান গেমসে সোনাজয়ীরা। দক্ষিণ কোরিয়াকে দাঁড়াতেই দিলেন না হরমনপ্রীতেরা। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন ভারতের হকি খেলোয়াড়েরা। ৪ মিনিটেই ভারতকে এগিয়ে দেন শিলানন্দ লাকরা। বাঁ দিক থেকে তিনি বল পান দিলপ্রীত সিংহের কাছ থেকে। গোল করতে ভুল করেননি শিলানন্দ। খেলার গতির বিপরীতে ৯ মিনিটে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। ভারতের রক্ষণের ভুল কাজে লাগিয়ে গোল করেন হান সাংজুন। তবে লাভ বিশেষ হয়নি। প্রতি আক্রমণে উঠে ১ মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। হরমনপ্রীতের শক্তিশালী ড্র্যাগ-ফ্লিক আটকাতে পারেননি দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক। প্রথম কোয়ার্টারেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ভারতীয় দল। ১৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন শিলানন্দ। এই গোলও পেনাল্টি কর্নারের ফসল। হরমনপ্রীতের ড্র্যাগ-ফ্লিক কোনও রকমে আটকান দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক। ফিরতি বল পেয়ে গোল করেন শিলানন্দ।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দেয় ভারতীয় দল। ১৯ এবং ২০ মিনিটে পর পর দু’গোল করে ভারতকে ৫-১ ব্যবধানে এগিয়ে দেন সুখজিৎ সিংহ এবং দিলপ্রীত। সঞ্জয়ের কাছ থেকে বল পেয়ে দ্রুত গতিতে প্রতিপক্ষের ‘ডি’তে ঢুকে যান সুখজিৎ। তাঁকে রুখতে পারেনি দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডারেরা। ৪-১ করে দেন তিনি। গ্যালারির উচ্ছ্বাস থামার আগেই ভারতকে ৫-১ ব্যবধানে এগিয়ে দেন দিলপ্রীত। প্রতিপক্ষের রক্ষণের ভুলের লাভ তোলেন তিনি। এর পর ২৫ মিনিটে ভারতকে ৬-১ ব্যবধানে এগিয়ে দেন দিলপ্রীত। হরমনপ্রীতের কাছ থেকে বল পেয়ে গোল করেন। তাঁর সামনে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক একা হয়ে যান। তিনি দলের পতন আটকাতে পারেননি।

প্রথমার্ধে ৬-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ভারতীয় দলের লক্ষ্য ছিল রক্ষণ জমাট রেখে যতটা সম্ভব কম শক্তি খরচ করা। পেশাদার হকিতে চলে ক্রেগ ফুলটনের দল। কোচও ফাইনালের আগে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের দেখে নেন এই সুযোগে। তার মধ্যেও ৩৬ মিনিটে ভারতের পক্ষে সপ্তম গোল করেন অঙ্গদ বীর সিংহ। ডান দিক থেকে জারমানপ্রীত সিংহের কাছ থেকে ‘ডি’র মধ্যে বল পান অঙ্গদ। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন। চতুর্থ কোয়ার্টারেও রণকৌশল পরিবর্তন করেননি হরমনপ্রীতেরা। ৫৪ মিনিটে ভারতের অষ্টম গোল বিবেক সাগর প্রসাদের স্টিক থেকে। একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ‘ডি’তে ঢুকে গিয়ে রিভার্স ফ্লিকে গোল করেন বিবেক।

অন্য সেমিফাইনালে মালয়েশিয়াকে শুট অফে ৫-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে জাপান। গোলশূন্য অবস্থায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনাল। ষষ্ঠ বার চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় ভারতীয় দল।

Hockey Indian Hockey Team South Korea Harmanpreet Singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy