Advertisement
E-Paper

বিশেষ প্রদর্শনে ‘রামায়ণ’-এর মিশ্র প্রতিক্রিয়া! কটাক্ষ করতেই সমালোচকদের নিয়ে মুখ খুললেন রণবীর

রণবীরের এই মন্তব্য কি নিছকই কথার কথা, নাকি সত্যিই ‘রামায়ণ’ ঘিরে আরও বড় কোনও নতুন পরিকল্পনা রয়েছে নির্মাতাদের? ‘রামায়ণ’ মুক্তি পাচ্ছে আগামী ৫ নভেম্বর।

, আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৮:৪২
আগামী ৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’।

আগামী ৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’। ছবি: সংগৃহীত

রণবীর কপূরের আগামী ছবি ‘রামায়ণ’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। ছবির প্রথম পর্বের মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। নতুন ছবি ঘিরে আলোচনা, সমালোচনা কিংবা কটাক্ষ— সবই বিনোদনজগতের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে সমাজমাধ্যমের যুগে কোনও ছবি মুক্তির আগেই শুরু হয়ে যায় বিচার-বিশ্লেষণ। নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’-এর প্রথম পর্বের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। প্রচার-ঝলক প্রকাশের পর থেকেই আলোচনায় এই ছবি। আমেরিকায় বিশেষ প্রদর্শনের পর ছবিটি নিয়ে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। এমনকি, ছবির গান নিয়েও সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। এই পরিস্থিতিতে সমালোচনা ও কটাক্ষ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রণবীর কপূর।

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে রণবীর বলেন, ‘‘এখনকার সময়ের একটা বিশেষ বিষয় হল, অনলাইন ট্রোলিং সুন্দর ভাবে অনেকটা জায়গা করে নেয়। আমি পুরনো সেই গানের দর্শনেই বিশ্বাস করি— ‘কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁ কা কাম হ্যায় কহেনা’। আমার মনে হয়, জীবনে এই দর্শন মেনে চলাই সবচেয়ে ভাল। কে কী বলছেন, তা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। বরং যাঁরা আপনার কাজ নিয়ে ভাবেন, আপনার মতামতকে গুরুত্ব দেন এবং আপনার ভাল-মন্দের খেয়াল রাখেন, তাঁদের কথাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’’

রণবীরের বক্তব্য, নিজের ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে এবং কাজের জন্য নিজের তরফে একশো শতাংশ চেষ্টা করা হলে বাইরের সমালোচনায় বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়ে না। তাঁর কথায়, ‘‘আপনার ভাবনা যদি পরিষ্কার হয় এবং আপনি যদি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন, তা হলে আর কী চাই!’’

রণবীরের এই মন্তব্যের পিছনে রয়েছে তাঁর অভিনীত ২০১৮ সালের ছবি ‘সঞ্জু’র স্মৃতিও। রাজকুমার হিরানী পরিচালিত সেই ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে সুনীল দত্তের চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। তিনি ছেলেকে ‘কুছ তো লোগ কহেঙ্গে’ গানের দর্শন মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। সেই গানই এ বার বাস্তব জীবনের সমালোচনা সামলানোর প্রসঙ্গে টেনে আনলেন রণবীর।

উল্লেখ্য, ‘রামায়ণ’–এ রণবীর ছাড়াও রয়েছেন, যশ, সাই পল্লবী, সনী দেওল, রবি দুবে, অরুণ গোবিল, রকুলপ্রীত সিংহ, বিবেক ওবেরয়, লারা দত্ত, কুণাল কপূর-সহ একাধিক পরিচিত মুখ। তবে রণবীরের এই মন্তব্য কি নিছকই কথার কথা, নাকি সত্যিই ‘রামায়ণ’ ঘিরে আরও বড় কোনও নতুন পরিকল্পনা রয়েছে নির্মাতাদের? সেই উত্তর সময়ই দেবে। এই ছবিটি প্রেক্ষাগ়়ৃহে আসছে ৫ নভেম্বর। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটি ৪০টি ভাষায় মুক্তি পাবে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy