Advertisement
E-Paper

‘বার বার বিয়ের থেকে এক জনকে একাধিক বার বিয়েতে স্বচ্ছন্দ বেশি’, শীতেই গাঁটছড়া বাঁধবেন শ্রুতি-স্বর্ণেন্দু

দু’বাড়িতেই প্রস্তুতি একেবারে তুঙ্গে। শুরু হয়ে গিয়েছে আইবুড়োভাত খাওয়ার পর্ব। সমাজমাধ্যমে সেই ছবি, ভিডিয়ো তুলে ধরেছেন অভিনেত্রী শ্রুতি দাস।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৬:১৯
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রুতি- স্বর্ণেন্দু।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রুতি- স্বর্ণেন্দু। ছবি: সংগৃহীত

টলিপাড়ায় ফের বাজবে বিয়ের সানাই। আইনি বিয়ে আগেই সেরেছিলেন। এ বার অগ্নিসাক্ষী করে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। দুই বাড়িতেই প্রস্তুতি একেবারে তুঙ্গে। শুরু হয়ে গিয়েছে আইবুড়োভাত খাওয়ার পর্ব। সমাজমাধ্যমে সেই ছবি, ভিডিয়ো সকলের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী।

২০২৩ সালের ৯ জুলাই কিছুটা গোপনেই সই-সাবুদ করে বিয়ে সেরেছিলেন শ্রুতি ও স্বর্ণেন্দু। সমাজমাধ্যমে যুগল খবরটি প্রকাশ্যে এনেছিলেন। অনুষ্ঠানে দুই পক্ষের পরিবার এবং বন্ধুবান্ধব নিমন্ত্রিত ছিলেন। এ দিন, শ্রুতির সিঁথি সিঁদুরে রাঙা করেছিলেন স্বর্ণেন্দু। অভিনেত্রীর সাজ সকলের নজর কেড়েছিল। সাদা রংমিলান্তি পোশাকে সেজেছিলেন বর-কনে। স্বর্ণেন্দুর পরনে ছিল সাদা ধুতি এবং পাঞ্জাবি। শ্রুতির পরনে সাদা শাড়ি। অভিনেত্রী বেছে নিয়েছিলেন রুপোর গয়না। যদিও বিয়ে হলেও একসঙ্গে‌ থাকছিলেন না এতদিন। কাটোয়ার মেয়ে হলেও, কাজের সূত্রে এখন কলকাতাতে মূলত থাকেন শ্রুতি। এই শহরে একই বহুতলের আলাদা তলে শ্রুতি ও স্বর্ণেন্দুর ঠিকানা।

এ বছর শীতেই গাঁটছড়া বাঁধবেন জুটিতে। আনন্দবাজার ডট কম-কে হবু কনে জানালেন, “চলতি বছরের ২৩ জানুয়ারি, সরস্বতীপুজোর পরের দিন কাটোয়াতে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু জেঠু মারা গিয়েছিলেন ২৬ জুন। তাই কালাশৌচ পড়ে যাওয়ায়, বিয়ে এক বছর পিছিয়ে যায়। বাড়ির মাথা নেই। তাই বাবা চাননি কাটোয়া থেকে বিয়েটা হোক। এই জন্য দু’বাড়ি মিলে একসঙ্গে হচ্ছে বিয়ের অনুষ্ঠান।”

সামাজিক নিয়মে শাস্ত্রমতে বিয়ে করার চিন্তাভাবনা রয়েছে তারকাজুটির। আইনি বিয়ের সময় এক বার সিঁদুরদান হয়েছিল, ফের সিঁদুর পরা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। বিভ্রান্তি দূর করতে শ্রুতি জানালেন, “তিন বছর পর সামাজিক বিয়ে। সিঁদুরদান হয়ে যাওয়া সত্ত্বেও আবার বিয়ে করার কারণ, অগ্নিসাক্ষী রেখে মন্ত্র পড়ে গোত্রান্তর বা সম্প্রদান কিছুই হয়নি। তাই আবার বিয়ে করছি এ ভাবে। আইবুড়ো নাম ঘুচে গিয়েছে জেনেও বন্ধু-বান্ধব বা আত্মীয়রা আইবুড়োভাত খাওয়াচ্ছেন কারণ, শাস্ত্রমতে বিয়ে হচ্ছে প্রথম বার। আগের বার আইবুড়োভাত খাওয়ায়নি কেউ, আইনি বিয়ে ভেবে।” অভিনেত্রী যোগ করলেন, “আমি একাধিক বার বিয়ে করার থেকে একজনকে বার বার বিয়ে করায় স্বচ্ছন্দ বোধ করি।”

‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে নিশা চরিত্রে শ্রুতির অভিনয় সকলের নজর কেড়েছে। সমাজমাধ্যমে তাঁর অভিনয়, চরিত্র ও ‘লুক’ নিয়ে প্রায়ই আলোচনা হয়। ধারাবাবিকের মুখ্য চরিত্রে অভিনয় মানে, কাজ থেকে বিরতি নেওয়া সহজ হয় না। তবে বিয়ে বলে কথা! অভিনেত্রী জানালেন, বিয়ের জন্য এক সপ্তাহ ছুটির আবেদন করেছেন। এ দিকে, ছুটি নেওয়া মানে আগেভাগে অনেক পর্ব ‘ব্যাঙ্কিং’ অর্থাৎ শুটিং সেরে রাখার চাপ থাকে। এরই মাঝে চলছে শ্রুতির বিয়ের প্রস্তুতি, কেনাকাটা। তিনি আরও জানিয়েছেন, বিয়েতে বর-কনে দু’জনেই সাবেক সাজেই সাজবেন। শ্রুতি বিয়ের দিনে নিজের জন্য বেনারসি শাড়িই বেছে নিয়েছেন।

শ্রুতি দাসের আইবুড়োভাত খাওয়ার মুহূর্ত।

শ্রুতি দাসের আইবুড়োভাত খাওয়ার মুহূর্ত। ছবি: সংগৃহীত

‘ত্রিনয়নী’ ধারাবাহিকের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন শ্রুতি। এর পর ‘দেশের মাটি’ পেরিয়ে ‘রাঙা বউ’ ধারাবাহিকে দর্শক শ্রুতিকে দেখছেন। প্রথম ধারাবাহিক থেকেই স্বর্ণেন্দুর সঙ্গে অভিনেত্রীর আলাপ। ২০১৯ থেকে সম্পর্কে রয়েছেন শ্রুতি এবং স্বর্ণেন্দু। দু’জনের বয়সের ফারাক ১৪। যার জন্য সমাজমাধ্যমে কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁদের। তবে সব নেতিবাচকতাকে তুড়ি মেরে এগিয়ে চলেছেন জুটি।

Shruti Das Swarnendu Samaddar Wedding Celeb Marriage Bengali Television Marriage Mega Serial

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy