Advertisement
E-Paper

‘আসছে বছর মিঠুনদার সঙ্গে বিক্রম!’ দর্শককে ঘোষণা নন্দিতার, ‘বহুরূপী ৩’-এর গল্প কি তৈরি?

‘বহুরূপী’-এর দ্বিতীয় পর্ব আসার পর বহু দর্শক দাবি করছেন, এর আরও পর্ব আসুক। শোনা যাচ্ছে, এ ছবিতে মিঠুন চক্রবর্তী থাকতে পারেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১০:০৩
‘বহুরূপী ৩’-এ মিঠুনের থাকার জল্পনা।

‘বহুরূপী ৩’-এ মিঠুনের থাকার জল্পনা। ফাইল ছবি

দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। এখনও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলেছে ছবিটি। ‘বহুরূপী’র সাফল্যের পরে অনেকেই চেয়েছিলেন, সিক্যুয়েল আসুক। সেই আবদার মিটিয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। একেবারে সামনে থেকে প্রতিক্রিয়া পেতে মুক্তির পর প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে দর্শকের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন পরিচালকদ্বয়। দ্বিতীয় পর্ব আসার পরও একই দাবি করছেন বহু দর্শক। ‘বহুরূপী’র তৃতীয় পর্বও কি তৈরির জন্য প্রস্তুত?

‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র শেষে বিক্রম প্রামাণিক-মিঠুনের কথোপকথনের দৃশ্য রয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, হলভর্তি দর্শককে নন্দিতা বলছেন, “আসছে বছর আবার হবে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিক্রম প্রামাণিক।” ব্যস! দুইয়ে দুইয়ে চার। নন্দিতা জানালেন, “‘বহুরূপী ৩’-এর কোনও পরিকল্পনা বা ভাবনা এখনও নেই। ‘বহুরূপী ২-এর রেশ কাটুক, ভাবা শুরু করব কী করতে পারি। আমি ভিডিয়োতে বলেছি ঠিকই, কিন্তু এই নিয়ে এখনও পরিকল্পনা হয়নি।”

পরিচালক-প্রযোজক আরও বলেন, “বহুরূপী ২-এর দু’বছর আগে প্রথম পর্ব এসেছিল। এটা বড় ছবি। অনেক কিছু পরিকল্পনা করতে হয়। এটা হয়তো দু’বছর পরে আসবে। এত তাড়াতাড়ি বলা মুশকিল। এটা আমার মাথায় আছে। তবে মিঠুনদা থাকবেন কি না এখনই নিশ্চিত নয়। মিঠুনদাকে এই গল্পে রাখব, নাকি অন্য গল্পে, তা এখনও ভাবিনি।”

গত অগস্ট মাসে সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করেছিলেন শিবপ্রসাদ। তিনি জানান,আগামী বছর উইন্ডোজ়ের পঁচিশ বছর পূর্তিতে একটি নতুন ছবি আসছে। সেখানে মিঠুনকে দেখা যাবে। এমনকি, শিবপ্রসাদের কাছে নাকি গল্প শোনামাত্রই মিঠুন মিলিয়ে বলেন, “ফাটিয়ে দিয়েছিস! এ তো আমার জীবনের গল্প!”

উল্লেখ্য, এ বছর আরও একটি ছবিতে অভিনয় করবেন শিবপ্রসাদ। সুমন ঘোষের পরিচালনায় আসছে ‘ফ্যামিলিওয়ালা’। দীর্ঘদিন পরে অন্য কোনও পরিচালকের পরিচালনায় অভিনয় করবেন তিনি। এ ছবিতে এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, লিলি চক্রবর্তী, অনসূয়া মজুমদারের মতো শিল্পীরা।

Bohurupi Shiboprosad Mukherjee Nandita Roy Tollywood Tollywood News Movies

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy