কখনও বিবাহবিচ্ছেদের জল্পনা, কখনও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ— সব মিলিয়ে গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। বলিউড অভিনেতা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক দীর্ঘদিন ধরেই শিরোনামে।
এ বার সে সব বিতর্ক নিয়ে মুখ খুললেন গোবিন্দ। স্পষ্ট জানালেন, সুনীতাই তাঁর প্রথম প্রেম। তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বারবার প্রশ্ন উঠলেও, অভিনেতার দাবি, তাঁদের বিবাহবিচ্ছেদের কোনও প্রশ্নই নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, ‘‘আমরা হিন্দু। আমাদের এখানে ‘তলাক’ (বিবাহবিচ্ছেদ) বলে কোনও শব্দ নেই।’’ তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সুনীতার সঙ্গে সম্পর্কের টানাপড়েন প্রসঙ্গে গোবিন্দ জানান, তাঁর স্ত্রী যে সিদ্ধান্তই নিয়ে থাকুন না কেন, সন্তানদের ভালর কথা ভেবেই তা করেছেন। সুনীতাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেন অভিনেতা।
গোবিন্দ যোগ করেন, সুনীতা তাঁর জীবনের প্রথম প্রেম। এমনকি, তাঁর মা প্রয়াত হওয়ার পরে সুনীতা নিজের মতো করে জীবন কাটানোর স্বাধীনতা চেয়েছিলেন বলেও দাবি করেন তিনি। অভিনেতা সেই ইচ্ছাকে সম্মান জানিয়েছিলেন। সুনীতার জন্য তাঁর বাড়ির দরজা সবসময় খোলা বলেও জানান গোবিন্দ। স্ত্রীকে নিজের জীবনের অংশ হিসাবেই দেখেন তিনি।
প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নন গোবিন্দ। ফাইল ছবি
গোবিন্দের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ করেছিলেন সুনীতা। এই প্রসঙ্গে অভিনেতা দাবি করেন, তাঁর নায়িকাদের মধ্যে ৪ জন বিশ্বসুন্দরী হওয়া সত্ত্বেও কখনও তাঁদের সঙ্গে ভাল ভাবে দেখা করেননি। সেই সুযোগ সঠিক ভাবে কাজে না লাগানোর জন্য আক্ষেপও প্রকাশ করেন তিনি।
তবে দাম্পত্য নিয়ে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নন গোবিন্দ। তাঁর বক্তব্য, তিক্ততা থেকে কখনও মধুর সম্পর্ক তৈরি হয় না। কাউকে পাল্টা অপমান করেও তিনি কোনও সমাধান খুঁজতে চান না।
আরও পড়ুন:
গোবিন্দ এবং সুনীতার বিয়ের বয়স প্রায় ৩৯ বছর। তাঁদের এক ছেলে যশবর্ধন এবং এক মেয়ে টিনা। এর আগে, বাইরে থেকে তাঁদের দেখে সকলের ধারণা ছিল, সুখী দাম্পত্য কাটছে জুটির। ফলে তাঁদের সংসারে ফাটল ধরার খবর প্রথম প্রকাশ্যে আসতে অবাক হয়েছিলেন অনুরাগীরা।
শোনা যায়, সুনীতা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করেছেন। তিনি বলেছেন, এই মামলা প্রত্যাহার না করলে, তাঁর স্বামী আবার বিয়ে করতেন। দীর্ঘ ৭ বছর পর, ‘রূপা’ ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরতে চলেছেন গোবিন্দ।