Advertisement
E-Paper

‘শাহরুখের বাড়িতে গিয়েছিলাম’, গান গেয়েছেন ‘কিং’-এ! নেপথ্যের কাহিনি জানালেন এড শিরান

এড শিরানের গানের দৃশ্যায়নে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে শাহরুখকে। বলিউডে এই প্রথম ঘটল এমন কিছু। কোনও ভারতীয় ছবিতে এর আগে এড শিরান কখনও কণ্ঠ দেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ২০:০৫
শাহরুখকে নিয়ে কী বললেন এড শিরান?

শাহরুখকে নিয়ে কী বললেন এড শিরান? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নেটপাড়া কাঁপাচ্ছে আসন্ন ছবি ‘কিং’-এর গান ‘তু মিল জায়ে’। সোমবার ছিল শাহরুখ খানের জন্মদিন। ঘড়ির কাঁটা রাত বারোটায় পৌঁছতেই প্রকাশ্যে আসে ছবির গান। গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ ও এড শিরান। ‘স্যাফায়ার’-এর পরে ফের তাঁরা এই গানের জন্য জোট বেঁধেছেন। গানে কণ্ঠ রয়েছে মধুবন্তী বাগচীরও।

এড শিরানের গানের দৃশ্যায়নে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে শাহরুখকে। বলিউডে এই প্রথম ঘটল এমন কিছু। কোনও ভারতীয় ছবিতে এর আগে এড শিরান কখনও কণ্ঠ দেননি। তাই বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। এ বার এড শিরানও তাঁর অনুভূতি নিয়ে সমাজমাধ্যমে লিখলেন। সেই সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে ‘তু মিল জায়ে’ গানটির হিন্দি অংশও গাইছেন এড শিরান রেকর্ডিং স্টুডিয়োয়। সেই সঙ্গে শাহরুখ ও দীপিকার কিছু দৃশ্যও দেখা যাচ্ছে।

ভিডিয়োটি পোস্ট করে এড শিরান লিখেছেন, “শাহরুখ খানের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, তখনই তিনি বলেছিলেন, তাঁর পরের ছবির জন্য আমাকে একটি গান তৈরি করতে হবে। সেটিই হবে বলিউডে আমার প্রথম গান। বছরের পর বছর ধরে আমাদের মধ্যে পরিচয় আরও গভীর হয়েছে। আমি ওঁকে ভীষণ ভালবাসি।”

শাহরুখের বাড়িতে বসে গান গাইছেন এড শিরান। ২০২৫ সালে এমন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। সেই প্রসঙ্গেও ব্রিটিশ গায়ক লেখেন, “গত বার ভারতে এসে শাহরুখের বাড়িতে গিয়েছিলাম। আমার ও অরিজিৎ সিংহের ‘স্যাফায়ার’ গানের ভিডিয়োয় একটি ছোট্ট কিন্তু বিশেষ দৃশ্যে অভিনয় করার জন্য ওঁকে রাজি করাতে চেয়েছিলাম। সেই দিনই সচিন-জিগরের পরিচয় হয় আমার। সেই রাতেই ওঁদের ছবি ‘কিং’-এর ‘তু মিল জায়ে’ গানটির আমার অংশটি লিখি এবং রেকর্ড করি।”

অরিজিতের সঙ্গে এড শিরানের ‘স্যাফায়ার’ গানটি ব্যাপক সাড়া ফেলেছিল। অরিজিতের সঙ্গে জিয়াগঞ্জেও এসেছিলেন এড শিরান। তাই তিনি লেখেন, “অরিজিৎ যে এই গানে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়েছে, তাতে আমি খুব খুশি। আমার সব প্রিয় মানুষ একসঙ্গে একটি কাজের অংশ হয়েছে।”

উল্লেখ্য, ‘কিং’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। ছবিতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, সুহানা খান, রাঘব জুয়াল।

Shah Rukh Khan Ed Sheeran

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy