Advertisement
E-Paper

‘বেতনের কথা বলতেই বের করে দেওয়া হয়’, পারিশ্রমিকের জন্য কী হয়েছিল ছোটপর্দার সোনারিকার?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানান সোনারিকা। তবে কোন ধারাবাহিকের কথা বলছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। সংশ্লিষ্ট ব্যক্তিদের নামও প্রকাশ্যে আনতে চাননি তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৯:২৪
খারাপ অভিজ্ঞতা সোনারিকার!

খারাপ অভিজ্ঞতা সোনারিকার! ছবি: সংগৃহীত।

‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতীর চরিত্রে অভিনয় পরিচিতি পেয়েছিলেন সোনারিকা ভদোরিয়া। এ বার ছোটপর্দার দুনিয়ায় পারিশ্রমিকের বৈষম্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, একটি ধারাবাহিকে প্রায় এক বছর কাজ করার পরে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই দাবি করতেই তাঁকে ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হয়। অথচ একই ধারাবাহিকে তাঁর পুরুষ সহ-অভিনেতার পারিশ্রমিক বেড়েছিল তিন গুণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানান সোনারিকা। তবে কোন ধারাবাহিকের কথা বলছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। সংশ্লিষ্ট ব্যক্তিদের নামও প্রকাশ্যে আনতে চাননি তিনি। সোনারিকা জানান, ওই ধারাবাহিকে কাজ করার সময়ে টিআরপি ক্রমশ বাড়ছিল। ধারাবাহিকের সাফল্যে খুশি হয়ে চ্যানেলের তরফে গোটা টিমকে নিয়ে উদ্‌যাপনও হয়েছিল। এমন পরিস্থিতিতে পারিশ্রমিক বৃদ্ধি বা কাজের স্বীকৃতি চাওয়া অন্যায় বলে মনে হয়নি তাঁর।

অভিনেত্রীর কথায়, “টিআরপি এত ভাল ছিল যে চ্যানেলের তরফে আমাদের নিয়ে উদ্‌যাপন করেছিল। এমন পরিস্থিতিতে কেউ কাজের স্বীকৃতি বা বেতনবৃদ্ধি আশা করতেই পারেন। কিন্তু আমি যখন সেই দাবি জানালাম, তখন উল্টে প্রশ্ন করা হল, কিসের ভিত্তিতে আমি বেতন বৃদ্ধির কথা বলছি!”

এর পরেই আরও বিস্ফোরক অভিযোগ করেন সোনারিকা। তাঁর দাবি, ধারাবাহিক ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তাঁর পুরুষ সহ-অভিনেতা। আর তাতেই তাঁর পারিশ্রমিক এক ধাক্কায় তিন গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। অন্য দিকে, সোনারিকার বেতন এক বারও বাড়ানো হয়নি। প্রযোজনা সংস্থার এক সদস্যের কাছ থেকেই এই বৈষম্যের কথা জানতে পেরেছিলেন তিনি।

সোনারিকার কথায়, “বেতন বৃদ্ধির কথা বলেছিলাম বলে আমাকে ধারাবাহিক থেকে সরিয়েই দেওয়া হল। অথচ আমাকে যে বাদ দেওয়া হচ্ছে, সেটাও জানানো হয়নি। আমার পুরুষ সহ-অভিনেতা ধারাবাহিক ছেড়ে দেওয়ার হুমকি দিতেন। তাঁর পারিশ্রমিক তিন গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। অথচ আমার বেতন এক বারও বাড়েনি।”

২০১১ সালে ‘তুম দেনা সাথ মেরা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন সোনারিকা। তবে তাঁর কেরিয়ারে বড় মোড় আসে ‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পাওয়ার পর। সেখানে তিনি পার্বতীর চরিত্রে অভিনয় করেছিলেন।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy