Advertisement
E-Paper

আট সপ্তাহ বিশ্রামের পরামর্শ, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ?

‘পেদ্দি’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ডান হাতের কব্জিতে গুরুতর চোট পান দক্ষিণী নায়ক রাম চরণ। হাতে অস্ত্রোপচার হয়েছে। এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১২:১৭
এখন কেমন আছেন রাম চরণ?

এখন কেমন আছেন রাম চরণ? ছবি: সংগৃহীত।

হাতের অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দক্ষিণী তারকা রাম চরণ। এই খবর প্রকাশ্যে আসতেই স্বস্তিতে অনুরাগীরা। হাসপাতালের শয্যায় চিকিৎসকদের সঙ্গে হাসিমুখে তোলা অভিনেতার একটি ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রিয় তারকা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, সেই শুভেচ্ছাতেই তাঁকে ভরিয়েছে দর্শক।

জানা গিয়েছে, ‘পেদ্দি’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ডান হাতের কব্জিতে গুরুতর চোট পান দক্ষিণী নায়ক। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও, ছবির প্রচারের গুরুত্বপূর্ণ দায়িত্ব শেষ না করে তিনি অস্ত্রোপচার করাতে চাননি। পেশাদারিত্বের জন্য সমস্ত প্রচারপর্ব সম্পূর্ণ করার পরেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন অভিনেতা।

কোয়েম্বাত্তূরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল এই জটিল অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচার সফল হয়েছে এবং এখন রাম চরণের শারীরিক অবস্থাও স্থিতিশীল।

বর্তমানে কোয়েম্বাত্তূরেই রয়েছেন অভিনেতা। তাঁর পাশে রয়েছেন বাবা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা। পরিবারের উপস্থিতিতে দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেই জানা যাচ্ছে। এ দিকে ‘পেদ্দি’র প্রযোজনা সংস্থা এক বিবৃতিতে রাম চরণের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, শারীরিক অস্বস্তি থাকা সত্ত্বেও তিনি ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিং শেষ করেছেন। তাঁর এই একাগ্রতা গোটা ইউনিটের কাছে অনুপ্রেরণা।

অভিনেতার অনুরাগী মহলের দাবি, চিকিৎসকেরা তাঁকে প্রায় আট সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সেই সময়সীমা শেষ হলে চিকিৎসকদের ছাড়পত্র মিললেই ফের ক্যামেরার সামনে ফিরবেন রাম চরণ। এর পরেই পরিচালক সুকুমারের সঙ্গে তাঁর বহু প্রতীক্ষিত নতুন ছবি ‘আরসি ১৭’-এর প্রস্তুতি শুরু হতে পারে বলে ইন্ডাস্ট্রি সূত্রে জোর জল্পনা।

Bollywood Actor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy