স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস থেকে সমস্তীপুরে ৭৫ লিটার মদ-সহ নেহা ঝা গ্রেফতার হওয়ার পর থেকেই পর পর দু’টি ঘটনায় বিহারে আরও মদ বাজেয়াপ্ত করল পুলিশ। সমস্তীপুরে নেহা গ্রেফতারের দু’দিন পরই রিয়া নামে আরও এক তরুণীকে মদ-সহ পটনা থেকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার বৈশালী থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ বাজেয়াপ্ত হল।
নাকাতল্লাশি চলছিল। সেই সময় সন্দেহজনক একটি ট্রাক লক্ষ করেন পুলিশকর্মীরা। ট্রাকটিকে থামাতে গেলে সেটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে পুলিশও। ৫ কিলোমিটার ধাওয়া করার পর ট্রাকটিকে ধরে ফেলে তারা। কিন্তু চালক পালিয়ে যেতে সক্ষম হন। ট্রাকে তল্লাশি চালাতেই দেখা যায় কার্টনে ভরে মদভর্তি বোতল পাচার করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ৫৮০টি কার্টন থেকে ৫১৬০ লিটার মদ উদ্ধার হয়েছে। যার বাজারদর কমপক্ষে ৫০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে খবর, মদের বোতলের গায়ে লেখা রয়েছে ‘ফর সেল ইন পঞ্জাব অনলি’! আর এটা থেকেই পুলিশের অনুমান, পঞ্জাব থেকে বিহারে পাচার করা হচ্ছিল এই বিপুল পরিমাণ মদ। কিন্তু রাজ্যের কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বৈশালীর জেলাশাসক বর্ষা সিংহ জানিয়েছেন, ট্রাকমালিক, চালকের খোঁজ চালানো হচ্ছে। কী ভাবে বিহারে মদভর্তি ট্রাক ঢুকল, নিরাপত্তায় কোথায় গাফিলতি ছিল — সব খতিয়ে দেখা হবে। একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে সমস্তীপুরে স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেসের এইচ ১ কামরা থেকে নেহা ঝা নামে এক তরুণীকে মদ-সহ গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ওই জেলায় চিকিৎসক এবং বিত্তশালীদের মোটা টাকার বিনিময়ে মদ পাচার করতেন নেহা।