মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ধারাবাহিক সুর চড়াচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তুলছে ‘ভোটচুরির’ অভিযোগ। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল শুরু করেছে তারা। ঠিক সেই সময়ে দিল্লি থেকে সাংবাদিক বৈঠক ডেকে ‘ইন্ডিয়া’র অন্যতম প্রধান শরিক কংগ্রেসকে তুলোধনা করল বিজেপি। নেতৃত্বের ‘দুর্বলতা’ নিয়ে বিঁধল কংগ্রেস শিবিরকে। বিজেপির দাবি, “নির্বাচন কমিশন নয়, দিশাহীন নেতৃত্বের জন্যই ভোটে হারছে কংগ্রেস।”
এ বারের অসম নির্বাচনে বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াই ছিল কংগ্রেসের। কিন্তু পরাস্ত হয়েছে। বর্তমানে তেলঙ্গানা, কর্নাটক, কেরল, হিমাচল প্রদেশের মতো গুটিকয়েক রাজ্য রয়েছে কংগ্রেসের হাতে। এ দিন দিল্লিতে বিজেপির সদর দফতরের সাংবাদিক বৈঠক থেকে সাম্প্রতিককালের একাধিক নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলের কথা স্মরণ করিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। কংগ্রেসকে খোঁচা দিয়ে শিবরাজের দাবি, ভোটে হারার পরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির দিকে আঙুল তোলা অভ্যাসে পরিণত হয়েছে কংগ্রেসের।
“গত কয়েক বছর ধরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির উপর ধারাবাহিক আক্রমণ চালিয়ে আসছে কংগ্রেস। পরিস্থিতি এমন হয়েছে যে, নির্বাচনে পরাজয়ের পর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দায়ী করা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। একের পর এক ভোটে হেরে বিক্ষোভ দেখানো এবং রাস্তায় নামাটাই কংগ্রেসের ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর জন্য নির্বাচন কমিশন দায়ী নয়। এর দায় কংগ্রেসের নিজেদের দিশাহীন নেতৃত্বের”, বলেন শিবরাজ। তাঁর দাবি, সমস্যা কংগ্রেসের নেতৃত্বেই। কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে দেশ এবং দেশবাসীর কোনও যোগ নেই বলেও খোঁচা দেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন:
বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেসের ‘অভ্যন্তরীণ কলহের’ যে অভিযোগগুলি উঠে আসে, তা নিয়েও এ দিন খোঁচা দেয় বিজেপি। সামনে পঞ্জাব এবং উত্তরপ্রদেশে বিধানসভা ভোট রয়েছে। সম্প্রতি, দুই রাজ্যেই প্রদেশ সভাপতি বদল করেছে কংগ্রেস। উত্তরপ্রদেশে দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়ঙ্কা গাঁধীর ঘনিষ্ঠ আরাধনা মিশ্র মোনাকে। আবার পঞ্জাবে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সম্প্রতি ইস্তফা দেন রাহুল-ঘনিষ্ঠ অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক পারগত সিংহ। বিজেপির দাবি, অন্তর্কলহের জেরেই ভোটের আগে প্রদেশ সভাপতি বদলাতে হচ্ছে কংগ্রেসকে।
বিজেপির সদর দফতর থেকে যখন কংগ্রেসকে এ ভাবে আক্রমণ শানানো হচ্ছে, তখন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির রাস্তায় ‘ইন্ডিয়া’র প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন রাহুল, মল্লিকার্জুন খড়্গেরা। সোমবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে একটি বাসে চেপে সুপ্রিম কোর্টের উদ্দেশে যাত্রা শুরু করেন রাহুল, প্রিয়ঙ্কা, খড়্গেরা। সঙ্গে রয়েছেন ‘ইন্ডিয়া’র অন্য নেতারাও। তাঁদের সঙ্গে রাস্তায় হাঁটছেন হাজার হাজার কর্মী-সমর্থক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
- সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
-
শেষমুহূর্তে স্থগিত জ্ঞানেশের অপসারণে ‘নকল সংসদ’! নাম ও পদ্ধতি পাল্টেছিল আগেই, নেপথ্যে কোন কোন কারণ?
-
ছাড়া পেলেন আইসা নেত্রী নেহা, এখনও ‘অজানা’ জায়গায় আটক সিজেপি প্রধান দিপকে, দাবি সঙ্গীদের
-
তেরঙা যাত্রার জন্য বাড়ি থেকে বেরিয়েই আটক দিপকে! যন্তর মন্তরের কাছ থেকে নেহাকেও আটক করল দিল্লি পুলিশ
-
‘তেরঙা যাত্রা বাতিল করুন!’ বাড়ি গিয়ে দিপকেকে নোটিস দিল পুলিশ, তবে নিষেধাজ্ঞা জারি করল না সুপ্রিম কোর্টও
-
বিরোধী ঐক্যের ডাক দিপকের! তেরঙা অভিযান নিয়ে হুঁশিয়ারি দিল্লি পুলিশের, মার্কিন নাগরিক ইমরানকে দেশ ছাড়ার নোটিস