প্রাতরাশে প্রোটিন জাতীয় খাবার রাখারই পরামর্শ দেন পুষ্টিবিদেরা। এতে বার বার খিদে পাওয়ার প্রবণতা কমে এবং মেদও ঝরে। আর এই কারণেই রোজ সকালে অনেকেই ডিম সেদ্ধ খান। কেউ স্যান্ডউইচের সঙ্গে খান কেউ আবার নুন-গোলমরিচ মাখিয়ে। তবে রোজ রোজ ডিম সেদ্ধ না করে অনেকেই একবারে অনেকগুলি ডিম সেদ্ধ করে ফেলেন। এই কৌশল মানলে কি স্বাস্থ্যের ক্ষতি হতে পারে? ডিম সেদ্ধ ফ্রিজে রাখলে কত দিন পর্যন্ত তা খাওয়া যায়?
দীর্ঘ ক্ষণ ধরে ফুটিয়ে ডিম সেদ্ধ করা হলে, সেই ডিম ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যেতে পারে। তবে একবার ফ্রিজে রাখলে তা খাওয়ার কিছু ক্ষণ আগেই বার করলে ভাল হয়। দীর্ঘ ক্ষণ বাইরে রাখলে ব্যাক্টেরিয়া জন্ম নিতে পারে। খোসা-সহ ডিমের মেয়াদ তুলনামূলক ভাবে খানিক বেশি। আর যদি খোসা ছাড়িয়ে ডিম রাখতে হয়, তা হলে বায়ুনিরোধী পাত্রে রাখতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে সংরক্ষণ করলে সপ্তাহ খানেক ভাল থাকবে সেদ্ধ ডিম?
১) সেদ্ধ করার দু’ঘণ্টার মধ্যে ডিম ফ্রিজে তুলে রাখতে হবে।
২) ফ্রিজের যে কোনও তাকের পিছন দিকে রাখা উচিত, যাতে ঠান্ডা বাতাসের সংস্পর্শে থাকে সর্ব ক্ষণ।
৩) বায়ুনিরোধক পাত্রে রাখলে ডিমের স্বাদ বা গন্ধ অন্য খাবারের সঙ্গে মিশে যাওয়ার ঝুঁকি থাকবে না।
৪) ফ্রিজ়ার বা ডিপ ফ্রিজে রাখা চলবে না। প্রবল ঠান্ডায় কুসুম জমে যাবে, বরফ ছাড়ানোর পর টাটকা স্বাদ আর পাওয়া যাবে না।