E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

শেষ ষোলোয় সচিন, লন-বলে জয় মেয়েদের

মেয়েদের লন বলে রূপা ও পিঙ্কির জুটি টানা তৃতীয় ম্যাচ জিতল। এ দিন তাঁদের লড়াই ছিল টোঙ্গার বিরুদ্ধে। টাইব্রেকারে জিতে তাঁরা সেমিফাইনালে ওঠার আশা ধরে রেখেছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ০৭:৩৫
(বাঁ দিকে) দাপট: কানাডার বক্সারের বিরুদ্ধে জয়ের পথে সচিন। জুটি: লন বলে টানা তৃতীয় জয় রূপা-পিঙ্কির (ডান দিকে)।

(বাঁ দিকে) দাপট: কানাডার বক্সারের বিরুদ্ধে জয়ের পথে সচিন। জুটি: লন বলে টানা তৃতীয় জয় রূপা-পিঙ্কির (ডান দিকে)। ছবি: পিটিআই।

কমনওয়েলথ গেমসে শনিবার ভারতের বক্সার সচিন সিওয়াচ পুরুষদের ৬০ কেজি বিভাগে শেষ ষোলোয় উঠলেন। পাশাপাশি মেয়েদের লন বলে জয়ের ধারা ধরে রাখলেন রূপা রানি তিরকে এবং পিঙ্কি সিংহের জুটি। তবে সাঁতারে ৪০০ মিটারের ফাইনালে উঠতে পারলেন না দক্ষণ শশীকুমার ওআর্য নেহরা।

সচিন এ দিন ৪-১ বিভাগে হারান কানাডার কেওমা আল-আহমাদিয়াকে। প্রথম দু’রাউন্ডে তিনি বাউট নিয়ন্ত্রণে রাখলেও এর পরে কানাডার বক্সার পাল্টা লড়াই করেন। প্রাক্তন যুব বিশ্ব চ্যাম্পিয়ন সচিন ততক্ষণে অনেকটাই এগিয়ে গিয়েছেন। ফলে সেখান থেকে শেষ ষোলোয় উঠতে তাঁর সমস্যা হয়নি। কোয়ার্টারফাইনালে উঠতে তাঁকে এ বার খেলতে হবে ইংল্যান্ডের উইলিয়ামহিউইটের বিরুদ্ধে।

মেয়েদের লন বলে রূপা ও পিঙ্কির জুটি টানা তৃতীয় ম্যাচ জিতল। এ দিন তাঁদের লড়াই ছিল টোঙ্গার বিরুদ্ধে। টাইব্রেকারে জিতে তাঁরা সেমিফাইনালে ওঠার আশা ধরে রেখেছেন। তাদের গ্রুপে ইংল্যান্ডও তিন ম্যাচে তিনটিতেই জিতেছে। তবে ভারতীয় জুটির চেয়ে এক সেট বেশি জেতায় ইংল্যান্ডের জুটি এই গ্রুপে এখন শীর্ষে। তবে লন বলে পুরুষদের সিঙ্গলসে স্ট্রেট সেটে হেরে গিয়েছেন পুতুল সোনোয়াল।

আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অলিম্পিয়ান প্রণতি নায়েক, নিশকা আগরওয়াল, প্রতিষ্ঠা সামন্ত এবং এশিতা রেওয়ালে দলগত বিভাগে নজর কাড়লেও পদক পাননি। তবে প্রতিষ্ঠা ভল্ট ফাইনালে উঠেছেন। তাঁর পদকের লড়াই রবিবার।

এ দিকে, কমনওয়েলথ গেমসে প্রথম লড়াইয়ে নামার আগেই তাঁর পদক নিশ্চিত হয়ে গিয়েছে। ওয়াকওভার পেয়ে তিনি সরাসরি নামার সুযোগ পেয়েছেন সেমিফাইনালে। ফলে তাঁর ব্রোঞ্জ নিশ্চিত। তবে অসমের তারকা বক্সার লাভলিনা বরগোহাঁই-এর লক্ষ্য সোনা। তিনি বলেছেন, ‘‘হয়তো এটা আমার কঠিন পরিশ্রমের আশীর্বাদ। প্যারিস অলিম্পিক্সের পরে আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে।’’

লাভলিনার সঙ্গে সোনার পদকের জন্য লড়াই হতে পারে অস্ট্রেলিয়ার এমা সু গ্রিনট্রির। যিনি দু’বারের বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী। এর আগে তাঁরা মুখোমুখি হননি। লাভলিনা বলছেন, ‘‘যদি আত্মবিশ্বাসী থাকি তা হলে যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারি। তবে অনেক সময় দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হেরেও যাই। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি এমাকে হারাতে পারি।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Commonwealth boxing Lawn Bowl

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy