ই-২০ পেট্রল নীতি বাতিল ও স্কুল-ক্যাম্পাস ‘বাঁচানো’র দাবিতে ১৫ সেপ্টেম্বর শহরে পথে নামবে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন যথাক্রমে এসএফআই এবং ডিওয়াইএফআই। প্রসঙ্গত, ১৯৮০-র ১৫ সেপ্টেম্বর থেকে প্রতি বছরই ছাত্র-যুবদের দাবি নিয়ে ‘দাবি দিবস’ পালন করে দুই সংগঠন। তারই অংশ হিসাবে দুই সংগঠনের কলকাতা জেলা কমিটির ডাকে এ বার ১৫ তারিখ বিকেল সাড়ে ৪টেয় কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার, সন্ধ্যা ৬টায় গার্ডেনরিচে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সখেরবাজারে মিছিল হবে।
ডিওয়াইএফআই-এর কলকাতা জেলা সম্পাদক শ্রীজীব গোস্বামী শনিবার অভিযোগ করেছেন, “ই-২০-র পাশাপাশি ই-১০ পেট্রল যাতে গ্রাহকেরা বেছে নিতে পারেন, সেই বিকল্প দিতে হবে। গিগ-কর্মীরা তেলের দাম বাড়লেও বেশি টাকা পাচ্ছেন না। ই-২০ পেট্রলের ইথানল তৈরিতে কতটা জমির ফসল নষ্ট হচ্ছে, কত জল ব্যবহার হচ্ছে, তার ঠিক তথ্য সরকার দিচ্ছে না। গাড়ির ক্ষতি নিয়েও সমীক্ষা করতে হবে সরকারকে।” পাশাপাশি, এসএফআইয়ের কলকাতা জেলা সম্পাদক হাসিব হোসেনের অভিযোগ, “বিজেপি সরকারের আমলে সরকারি স্কুল বন্ধ করে শিক্ষায় বেসরকারিকরণের চেষ্টা চলছে। পাশাপাশি, বিদ্যাভারতী, স্বরস্বতী বিদ্যামন্দিরের মতো স্কুল তৈরি করে আরএসএস-এর বাহিনী তৈরি করা হচ্ছে।”
তিন মিছিল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘হামলা’র ঘটনার প্রতিবাদ জানানো হবে। মেটিয়াবুরুজের ওস্তাগার কর্মীদের থাকার যথাযথ ব্যবস্থা, উন্নত যোগাযোগ, সুলভ শৌচালয়, পুলিশি জুলুম বন্ধ, বিচালি ঘাট থেকে বাবুঘাট এবং রাজাবাগান থেকে চুনামাটি হাওড়া পর্যন্ত ফেরি চলাচল চালু-সহ নানা দাবিও তুলেছেন নেতৃত্ব।