Advertisement
E-Paper

খাগড়াগড় বিস্ফোরণের উল্লেখ মার্কিন নথিতে

আন্তর্জাতিক জঙ্গি হামলা সংক্রান্ত মার্কিন রিপোর্টে জায়গা পেল পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণ। গত ২ জুন আমেরিকার বিদেশ মন্ত্রক প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম-২০১৫’-য় ওই বিস্ফোরণের উল্লেখ রয়েছে।

সুরবেক বিশ্বাস

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০৩:৩৮

আন্তর্জাতিক জঙ্গি হামলা সংক্রান্ত মার্কিন রিপোর্টে জায়গা পেল পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণ। গত ২ জুন আমেরিকার বিদেশ মন্ত্রক প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম-২০১৫’-য় ওই বিস্ফোরণের উল্লেখ রয়েছে।

মার্কিন বিদেশ দফতরের এই নথিতে বলা হয়েছে, ওই বিস্ফোরণের পরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে ভারত-বাংলাদেশ। ২০১৫ সালে দু’দেশের সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয়। গত বছর অনুপ্রবেশ ও সীমান্ত সুরক্ষায় একযোগে পদক্ষেপ করেছে দু’দেশ। ভারতের গোয়েন্দা-দল বহু বার বাংলাদেশে গিয়েছেন, ভারতে গিয়েছেন বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা অফিসাররাও।

বর্ধমানের খাগড়াগড়ে জেএমবি (জামাতুল মুজাহিদিন বাংলাদেশ)-র বিস্ফোরক তৈরির একটি কারখানায় এই বিস্ফোরণটি ঘটে।
২০১৪-র ২ অক্টোবরে এই ঘটনায় দু’জন নিহত ও এক জন জখম হয়। ২ জুলাই, শনিবার কলকাতায় নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের এজলাসে ওই মামলার চার্জ গঠন হওয়ার কথা।

এনআইএ-র আইজি সঞ্জীব সিংহ বলেন, ‘‘খাগড়াগড় বিস্ফোরণের পর থেকে দু’দেশের পুলিশ ও গোয়েন্দারা সমন্বয় ও সহযোগিতা রেখে কাজ করছেন। উত্তর-পূর্ব ভারতের একাধিক জঙ্গি-চাঁইকে ধরতে বাংলাদেশ সহযোগিতা করেছে। আবার, ভারতে ধরা পড়া বাংলাদেশের ‘মোস্ট ওয়ান্টেড’-দেরও ফেরত পাঠানো হয়েছে।’’

ভারতে জাল নোটের অনুপ্রবেশ রুখতে ২০১৫-য় দু’দেশের একটি টাস্ক ফোর্স তৈরি হয়েছে। এমনকী, বাংলাদেশের পুলিশ যাতে জাল ভারতীয় টাকা শনাক্ত করতে পারেন, সে জন্য সে দেশে গিয়ে গত বছর থেকে তাঁদের হাতেকলমে পাঠ দিচ্ছেন ভারতীয় গোয়েন্দা ও ব্যাঙ্ক অফিসারেরা।

খাগড়াগড়ের পাশাপাশি দেশের আরও কয়েকটি জঙ্গি হামলার প্রসঙ্গ এসেছে মার্কিন রিপোর্টে। গত বছর জুনে মণিপুরে জঙ্গিরা রকেট-চালিত গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে ২০ জন সেনাকে হত্যা করে। আবার জুলাইয়ে লস্কর-ই-তইবা জঙ্গিরা পঞ্জাবের গুরদাসপুরে হামলা চালিয়ে চার পুলিশ অফিসার ও তিন জন সাধারণ মানুষকে হত্যা করে। এ ছাড়া, জম্মু ও কাশ্মীরেও জঙ্গি হামলায় এক সেনা অফিসার ও দুই বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। এগুলিরও উল্লেখ রয়েছে মার্কিন বিদেশ দফতরের রিপোর্টটিতে।

khagragarh Bombing USA Terrorism list

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy