E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রশিক্ষণ হবে স্কুলে স্কুলে

শিক্ষা দফতর জানিয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি এই ডিজিটাল প্রশিক্ষণ নেবে। ইতিমধ্যেই বেশ কিছু স্কুলের কম্পিউটার প্রশিক্ষণ পরিকাঠামো কেমন, তা জানতে চেয়েছে শিক্ষা দফতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ০৬:৩৬

—প্রতীকী চিত্র।

অ্যানিমেশন, ভিসুয়াল এফেক্ট, গেমিং থেকে সমাজমাধ্যমের কন্টেন্ট তৈরির কৌশল শেখাতে উদ্যোগী হয়েছে স্কুল শিক্ষা দফতর। একটি বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে, রাজ্যের বিভিন্ন স্কুলে চালু হবে ‘ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবরেটরি’। স্কুলের কম্পিউটার ক্লাসের পরিকাঠামোকে উন্নত করেই এই ল্যাব তৈরি করা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা সেখানে কাজ শিখতে পারবে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতি বছর এক লক্ষ পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়াই লক্ষ্য।

শিক্ষা দফতর জানিয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি এই ডিজিটাল প্রশিক্ষণ নেবে। ইতিমধ্যেই বেশ কিছু স্কুলের কম্পিউটার প্রশিক্ষণ পরিকাঠামো কেমন, তা জানতে চেয়েছে শিক্ষা দফতর। যেমন, ঝাড়গ্রামের একটি স্কুলের প্রধান শিক্ষক তপনকুমার দে জানালেন, জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) অফিস থেকে জানতে চাওয়া হয়েছে, ওই স্কুলে আইসিটি ল্যাবরেটরি আছে কিনা। থাকলে সেটি সংক্রান্ত যাবতীয় তথ্য গুগল ফর্মে আপলোড করতে বলা হয়েছে। তপনের মতে, ‘‘খুবই ভাল উদ্যোগ। বর্তমানে পড়ুয়াদের ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি।’’

‘অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর রাজ্য সম্পাদক চন্দন গড়াই বলেন, ‘‘একটা কথা মাথায় রাখা জরুরি, অনেক স্কুলে কিন্তু কম্পিউটারও নেই। তাই ডিজিটাল ক্রিয়েটর ল্যাবরেটরি তৈরি করতে হলে সব স্কুলে আগে কম্পিউটার দিতে হবে। না-হলে এই সুযোগ সকলে পাবে না। সমস্ত স্কুলে কম্পিউটার দিতে আমরা স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণের কাছে আর্জি জানিয়েছি।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Schools Training

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy