২০২১ সালে ভোটপরবর্তী হিংসার শিকার, বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যার মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। গত সপ্তাহে এই মামলায় পলাতক অরূপ দাসকে অসম থেকে গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার মধ্যমগ্রাম থেকে গ্রেফতার হলেন বিশাল পাল ওরফে গোপাল দাস নামে এক ব্যক্তি।
গত জুলাই মাসে নারকেলডাঙায় ভোট পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মী অভিজিতের হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। কলকাতার নগর দায়রা আদালতে চার্জ গঠন করেন বিচারক। ১৯ জনের তালিকায় রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালের নাম। পুলিশের কয়েক জন প্রাক্তন আধিকারিকও অভিযুক্তের তালিকায় রয়েছেন।
নারকেলডাঙা কাণ্ডে চার্জ গঠন হয় প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, পুলিশের অবসরপ্রাপ্ত এসি (নারকেলডাঙার তৎকালীন ওসি) শুভজিৎ সেন, তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধেও। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর নারকেলডাঙায় খুন হন অভিজিৎ। সিবিআইয়ের দাবি, প্রাক্তন বিধায়ক পরেশের উস্কানিতে তাঁকে খুন করা হয়েছিল। অভিযুক্তদের সকলকেই চার্জ গঠনের দিন আদালতে হাজির করানো হয়। তাঁদের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধ জমায়েত-সহ বিভিন্ন ধারায় চার্জ গঠিত হয়। অভিযুক্তেরা অবশ্য নিজেদের নির্দোষ বলে দাবি করেন আদালতে।