উত্তরপ্রদেশের ধাঁচে পশ্চিমবঙ্গে ‘প্রতিরক্ষা করিডর’ গড়ার জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি দিতে চলেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের উদ্যোগে আলিগড় থেকে আগরা, আগরা থেকে লখনউ, লখনউ থেকে কানপুরের মধ্যে একাধিক প্রতিরক্ষা করিডর গড়ে উঠেছে। ইতিমধ্যেই সেই সব করিডরে উৎপাদন শুরু করেছে একাধিক সংস্থা। এ বার উত্তরপ্রদেশের ধাঁচেই যাতে পশ্চিমবঙ্গে প্রতিরক্ষা করিডর তৈরি করা সম্ভব হয়, তার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই জুনপুটে ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পরবর্তী ধাপে রাজ্যে যাতে প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থাগুলি (বন্দুক, গোলা, গুলি, ড্রোন, অস্ত্রের যন্ত্রাংশ নির্মাণ) বিনিয়োগে এগিয়ে আসে তার জন্য রাজনাথের কাছে চিঠি লিখতে চলেছেন শমীক। আজ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত একাধিক সংস্থা পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী। তাই তাঁদের যাতে একটি শিল্পতালুকে স্থান দেওয়া সম্ভব হয়, সেই লক্ষ্যেই প্রতিরক্ষা করিডর তৈরির কথা ভাবা হয়েছে।’’
আগামিকাল টেক্সটাইল কমিটির বৈঠকেও যোগ দেবেন শমীক। বৈঠকে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহের। শমীক জানান, রাজ্যে টেক্সটাইল হাব গড়তে কেন্দ্র আগ্রহী। পশ্চিমবঙ্গে বর্তমানে হোসিয়ারি শিল্পের বাজার বছরে ৩০-৩৫ হাজার কোটি টাকার। যা বাড়িয়ে এক লক্ষ কোটি টাকার করার লক্ষ্য রয়েছে বলে দাবি করেছেন শমীক।