পশ্চিমবঙ্গের কারিগরি ও আইটিআই পাশ শিক্ষার্থীদের প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতার পক্ষ থেকে ২০২৬-২৭ বর্ষের জন্য ‘অপ্রেন্টিস’ বা শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এএআই-এর ওয়েবসাইটে।
কী কী পদে নিয়োগ?
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন, আইটি, এবং টেকনিক্যাল-সহ বিভিন্ন বিভাগে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং আইটিআই ট্রেড অপ্রেন্টিস পদে মোট শূন্যপদ পূরণ করা হবে। এক বছর মেয়াদি এই প্রশিক্ষণে নির্বাচিত প্রার্থীরা পদ অনুযায়ী মাসিক সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ৩৮টি।
কারা আবেদন করতে পারবেন?
প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস বিভাগে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের স্নাতক হতে হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস বিভাগে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। আইটি ট্রেড অ্যাপ্রেন্টিস বিভাগে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর কাছে ভারত সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং প্রদত্ত সংশ্লিষ্ট বিষয় বা ট্রেডে এনসিভিটি সার্টিফিকেট থাকতে হবে। তবে, ডিগ্রি, ডিপ্লোমা সম্পন্ন বা আইটিআই পাস হতে হবে ২০২২ সাল বা তার পরে। প্রার্থীর বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রার্থীকে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (https://www.aai.aero/en/careers/recruitment) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।