অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর (এমস) তরফে ‘নরসেট ১১’-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমস দিল্লি-সহ দেশের অন্যান্য এমস প্রতিষ্ঠানগুলিতে ‘নার্সিং অফিসার’ পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল পোর্টালে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নির্বাচিত প্রার্থীরা সপ্তম পে ম্যাট্রিক্সের কাঠামো অনুযায়ী বেতন পাবেন। তবে মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে পরে।
১৩ অগস্ট ২০২৬-এর হিসেবে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। পাশাপাশি, রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলে নার্স ও মিডওয়াইফ হিসেবে রেজিস্টার্ড হতে হবে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। তবে, তাঁদের রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশনের পাশাপাশি অন্তত ৫০ শয্যার হাসপাতালে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
১. অফিশিয়াল ওয়েবসাইট aiimsexams.ac.in-এ যেতে হবে।
২. ‘নরসেট ১১’ লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করতে হবে।
৩. প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে, ছবি ও নথি আপলোড করতে হবে।
৪. অনলাইনে আবেদনমূল্য জমা দিয়ে ফর্মটি জমা দিতে হবে।
৫. ভবিষ্যতের সুবিধার্থে আবেদনের কনফার্মেশন পেজটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখা যেতে পারে।
আবেদনের শেষ দিন ১৩ অগস্ট (বিকাল ৫টা পর্যন্ত)। প্রিলিমিনারি পরীক্ষা হবে ১২ সেপ্টেম্বর। মেনস পরীক্ষা হবে ৩০ সেপ্টেম্বর।