সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) ২০২৬-এর আবেদনপত্র সংশোধনের সুযোগ মিলছে ৭ সেপ্টেম্বর থেকে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইট ctet.nic.in-এ গিয়ে অনলাইনে আবেদনপত্রের তথ্য সংশোধন করতে পারবেন প্রার্থীরা।
গত ১১ মে থেকে ১০ জুনের মধ্যে যাঁরা সফল ভাবে আবেদনপত্র জমা দিয়েছিলেন, তাঁরাও এই সংশোধনের সুযোগ পাবেন। সংশোধিত পরীক্ষার দিনক্ষণও শীঘ্রই প্রকাশ হবে বলে জানিয়েছে সিবিএসই। এর আগের ৬ সেপ্টেম্বর সিটেট হওয়ার কথা ছিল। পরে সিবিএসই পরীক্ষা পিছিয়ে দেয় এবং নতুন করে আবেদনের সুযোগ দেয়। এর নেপথ্যে রয়েছে সুপ্রিম কোর্টের রায়। গত বছর এক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দেশের সব প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট উত্তীর্ণ হতেই হবে। এ জন্য সময় পাওয়া যাবে ২০২৮ অবধি। তবে যাঁদের আগামী পাঁচ বছরের মধ্যে অবসর, তাঁদের এই নিয়ম থেকে নিষ্কৃতি দেওয়ার কথাও বলা হয়।
ফলে যাঁরা এই সময়ের মধ্যে টেট উত্তীর্ণ হতে চাইছেন, তাঁরা যাতে নতুন করে আবেদন করতে পারেন সে জন্য সময়সীমা বৃদ্ধি করেছিল সিবিএসই। ২৫ অগস্ট থেকে ২২তম সিটেট-এর আবেদন পোর্টাল ফের খোলা হয়েছিল। সংশোধিত সময়সূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর আবেদন প্রক্রিয়া বন্ধ হয়েছে। পোর্টাল বন্ধ হওয়ার পরই পরীক্ষার সংশোধিত দিন ক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছিল পর্ষদ।
পরীক্ষার প্রশ্নপত্রের ধরন
পর্ষদ নির্ধারিত পরীক্ষার কাঠামো অনুযায়ী, সিটেট ২০২৬-এর সমস্ত প্রশ্ন হবে বহু বিকল্পভিত্তিক। প্রতিটি প্রশ্নে চারটি বিকল্প উত্তর থাকবে, যার মধ্যে সবচেয়ে উপযুক্ত উত্তরটি বেছে নিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১। পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং বা ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না।