কেন্দ্রীয় রেশম বোর্ড (সেন্ট্রাল সিল্ক বোর্ড) শিক্ষানবিশ নিয়োগ করবে। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১৪টি আসন শূন্য রয়েছে। ইয়ং প্রফেশন্যাল বা শিক্ষানবিশ পদে চাকরির মেয়াদ দু’বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৭০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। পাশাপাশি সরকারি কোনও ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমবিএ বা এমকম যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। তবে সে ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা পাঁচ বছরের হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
মূলত, প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক ও প্রশাসনিক হিসাব পরিচালনা করতে হবে। এই পদে নিযুক্ত প্রার্থীরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সরকারি অ্যাকাউন্টস ও ফাইন্যান্স পরিচালনা করবেন। এ ছাড়া, সরকারি নিয়মবিধি মেনে প্রয়োজনীয় সামগ্রী ও পরিষেবা ক্রয়ের নথি পরীক্ষা করা, বিভিন্ন অডিট পরিচালনা এবং ট্যাক্স বা অন্যান্য নিয়ম মানা হচ্ছে কি না তা নিশ্চিত করা তাঁদের দায়িত্ব। কর্মচারীদের যাতায়াত ভাতা, চিকিৎসা সংক্রান্ত বিল এবং পেনশন সংক্রান্ত আবেদনপত্র ভাল ভাবে যাচাই করার পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আর্থিক স্বচ্ছতা বজায় রাখা হল এই পদের মূল কাজ।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
কেন্দ্রীয় রেশম বোর্ডের ওয়েবসাইটে https://csb.gov.in/job-opportunities যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ অক্টোবর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ওই বিজ্ঞপ্তি থেকেই।