Advertisement
E-Paper

দেব আনন্দের পুত্র সুনীল আনন্দ প্রয়াত! লন্ডনে কী ভাবে মৃত্যু ৭০ বছরের অভিনেতার?

সত্তরের দশকের শেষ ভাগ এবং আশির দশকের গোড়ায় বাবা দেব আনন্দের পরিচালিত একাধিক ছবিতে সহকারী হিসাবে কাজ করেছিলেন সুনীল আনন্দ। পরে ১৯৮৪ সালে বাবার পরিচালিত ‘আনন্দ অউর আনন্দ’ ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১৯:৫৫
Dev Anand’s son Suneil Anand passed away on Tuesday

প্রয়াত দেব আনন্দের পুত্র সুনীল আনন্দ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

মারা গেলেন দেব আনন্দের ছেলে অভিনেতা সুনীল আনন্দ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। লন্ডনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয়।

সুনীলের ভাইঝি জীনা নারং এক বিবৃতিতে বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে আমরা সুনীল আনন্দের মৃত্যুসংবাদ জানাচ্ছি। এই কঠিন সময়ে সকলের ভালবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করছি।”

সত্তরের দশকের শেষ ভাগ এবং আশির দশকের গোড়ায় বাবা দেব আনন্দের পরিচালিত একাধিক ছবিতে সহকারী হিসাবে কাজ করেছিলেন সুনীল আনন্দ। পরে ১৯৮৪ সালে দেব আনন্দ পরিচালিত ‘আনন্দ অউর আনন্দ’ ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। এর পর সমীর মালকানের ‘কার থিফ’, বিজয় আনন্দের ‘ম্যায় তেরে লিয়ে’ ছবিতে অভিনয় করেন। তবে কোনও ছবিই বক্সঅফিসে সাফল্য পায়নি।

দীর্ঘ বিরতির পর ‘মাস্টার’ ছবির মাধ্যমে আবার অভিনয়ে ফেরেন সুনীল। ছবিটির পরিচালনাও করেছিলেন তিনি। কিন্তু ছবিটি বিশেষ সাড়া ফেলতে পারেনি। তাঁর শেষ ছবি ছিল হলিউডের ‘ভাগাতোর মিক্সার’, যা ২০০৮ সালে মুক্তি পায়। ওই ছবিতেও তিনি একই সঙ্গে অভিনেতা ও পরিচালক ছিলেন।

২০১১ সালে দেব আনন্দের মৃত্যুর পরে পরিবারের প্রযোজনা সংস্থা ‘নবকেতন ফিল্মস’-এর দায়িত্ব নেন সুনীল আনন্দ।

পরিবারের এক সদস্য সমাজমাধ্যমে সুনীল আনন্দের মৃত্যু নিয়ে লেখেন, “আমার কাকা সুনীল আনন্দজির প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা এবং দেশের অন্যতম জনপ্রিয় তারকা দেব আনন্দজির ছেলে। দেব আনন্দের ছবি সব সময়ে দেশের তরুণ প্রজন্মের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল।”

Dev Anand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy