Advertisement
E-Paper

‘ফাঁকা চেক রইল, যত ইচ্ছে অঙ্ক বসিয়ে নিন’, নওয়াজ়উদ্দীনের কাছে কেন শ’য়ে শ’য়ে এমন প্রস্তাব এসেছিল?

বড়পর্দায় একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে নওয়াজ়উদ্দীনকে। ইন্ডাস্ট্রিতে কেটে গিয়েছে প্রায় ২৫ বছর। তবে তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ছবিগুলির মধ্যে অন্যতম অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘গ্যাংস অফ ওয়াসিপুর’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৬
কেন ফাঁকা চেক আসত নওয়াজ়ের কাছে?

কেন ফাঁকা চেক আসত নওয়াজ়ের কাছে? ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা নওয়াজ়উদ্দীন সিদ্দীকী। নাটকের মঞ্চ থেকে শুরু হয়েছিল তাঁর সফর। তার পরে বড়পর্দায় একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। ইন্ডাস্ট্রিতে কেটে গিয়েছে প্রায় ২৫ বছর। তবে তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ছবিগুলির মধ্যে অন্যতম অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘গ্যাংস অফ ওয়াসিপুর’। ২০১২ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে ফয়জ়ল খানের চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দীন। মুহূর্তে বদলে গিয়েছিল অনেক কিছু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা তুলে ধরেছেন অভিনেতা। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ মুক্তির পরে তাঁর কাছে একের পর এক কাজের প্রস্তাব আসতে শুরু করে। পরিস্থিতি এমনই হয়েছিল যে, অল্প সময়ের মধ্যেই প্রায় ২০০টি ছবির চিত্রনাট্য তাঁর কাছে পৌঁছেছিল।

নওয়াজ়উদ্দীন জানান, শুধু চিত্রনাট্য নয়, তাঁর টেবিলে পড়ে থাকত ফাঁকা চেকও। নির্মাতারা তাঁকে বলতেন, “এই নিন চিত্রনাট্য। আর রইল ফাঁকা চেক। নিজের পারিশ্রমিক যত লিখতে চান লিখে নিন। আপনার যে তারিখগুলি খালি রয়েছে, সেই অনুযায়ীই কাজ করুন।”

অনুরাগ কাশ্যপের ছবিতে অভিনয় করে জীবন বদলে যায় নওয়াজ়ের।

অনুরাগ কাশ্যপের ছবিতে অভিনয় করে জীবন বদলে যায় নওয়াজ়ের। ছবি: সংগৃহীত

এই পরিস্থিতি যে কোনও অভিনেতার কাছে স্বপ্নের মতো মনে হতে পারে। কিন্তু নওয়াজ়উদ্দীন জানান, তিনি ওই সাফল্যে ভেসে যাননি। একের পরে এক প্রস্তাব এলেও তাঁর পছন্দ হয়নি কোনও চিত্রনাট্যই। তাই কোনও ছবিতেই সই করেননি তিনি। অভিনেতার কথায়, ‘‘ওই সময়ে অন্তত ২০০টি চিত্রনাট্য পেয়েছিলাম। কিন্তু একটিও আমার পছন্দ হয়নি। তাই ঠিক করেছিলাম, ভাল কোনও কাজ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করব।’’

‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর আগে দীর্ঘ সময় কাজের অপেক্ষায় কাটিয়েছিলেন নওয়াজ়উদ্দীন। তবে সেই অপেক্ষাই তাঁকে শিখিয়েছে যে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অভিনেতা বলেন, “বহু বছর কাজের অপেক্ষায় ছিলাম। তাই আরও দু-তিন বছর অপেক্ষা করতে হলেও সমস্যা ছিল না। তাড়াহুড়ো করে কোনও কাজ করতে চাইনি।” তবে শেষপর্যন্ত খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাঁকে। নওয়াজ়ের কথায়, “ঈশ্বরের কৃপায় বেশি দিন অপেক্ষা করতে হয়নি। খুব শীঘ্রই বেশ কিছু ভাল ছবির প্রস্তাব পেতে শুরু করি।”

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘গ্যাংস অফ ওয়াসিপুর ২’। অনুরাগ পরিচালিত দুই পর্বের এই ছবির গল্পের পটভূমি ছিল ধানবাদ। কয়লা খনিকে ঘিরে গড়ে ওঠা মাফিয়া সাম্রাজ্য, ক্ষমতার লড়াই, রাজনীতি এবং প্রতিশোধের গল্প বলেছিল ছবিটি। নওয়াজ় ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ী, রিচা চড্ঢা, হুমা কুরৈশী, পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও এবং পীযূষ মিশ্রের মতো অভিনেতারা।

Nawazuddin Siddiqui

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy