Advertisement
E-Paper

নেপালে এখনও ৩২০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি! বিবৃতি দিল্লির, কাঠমান্ডু জানাল, উদ্ধার ৮৫ ভারতীয়

শুক্রবার দিল্লি বিমানবন্দরে নেমেছেন ২১ জন ভারতীয়। তাঁরা সকলেই তামিলনাড়ুর বাসিন্দা। বৃহস্পতিবার কাঠমান্ডুতে তাঁদের সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ১৭:০১
হড়পা বানে বিধ্বস্ত নেপাল।

হড়পা বানে বিধ্বস্ত নেপাল। ছবি: রয়টার্স।

নেপালে হড়পা বানের পরে প্রায় ৫৬ ঘণ্টা কেটে গিয়েছে। সে দেশে গিয়ে নিখোঁজ ভারতীয়দের পরিবারের উদ্বেগ ক্রমশ বাড়ছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল জানালেন, বিপর্যস্ত নেপালে এখনও ৩২০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কাঠমান্ডু থেকে শুক্রবার দুপুরে ২১ জন ভারতীয় দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন। তাঁরা সকলেই তামিলনাড়ুর বাসিন্দা। অন্য দিকে, নেপালের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টে পর্যন্ত ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

জয়সবার আরও জানান, কাঠমান্ডু থেকে শুক্রবার দুপুরে দিল্লি বিমানবন্দরে নেমেছেন ২১ জন ভারতীয়। তাঁরা সকলেই তামিলনাড়ুর বাসিন্দা। বৃহস্পতিবার কাঠমান্ডুতে তাঁদের সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত। তার পরেই তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়। শুক্রবার দিল্লি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওই ২১ জনের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। তার মাঝেই শুক্রবার জয়সবাল জানিয়েছেন, ৯৬ জন ভারতীয় সীমান্ত পার করে চিন থেকে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন। তাঁরা মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন।

শুক্রবার সন্ধ্যায় নেপালের উদ্দেশে ভারত থেকে সাহায্য নিয়ে তৃতীয় বিমানটির ওড়ার কথা। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, তাতে ১২ থেকে ১৩ টন ত্রাণ সামগ্রী থাকবে। একটি মেডিক্যাল দলও পাঠানো হয়েছে। বেলি সেতু মেরামতির জন্য প্রযুক্তিবিদদের একটি দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, ওই সেতু মেরামত হলে নেপালে ত্রাণ নিয়ে যাতায়াতে সুবিধা হবে। জয়সওয়াল জানিয়েছেন, নেপালে উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দল পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে এই নিয়ে নেপাল এখনও কোনও জবাব দেয়নি। নেপাল সরকারের জবাবের অপেক্ষা করছে ভারত বলে জানান তিনি।

নেপালের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টে পর্যন্ত নেপাল থেকে মোট ১২১ জন বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৮৫ জন ভারতের নাগরিক। বাকিদের মধ্যে ১৬ জন চিনের নাগরিক, ৯ জন দক্ষিণ কোরিয়ার, ২ জন আমেরিকার, ২ জন রাশিয়ার, ২ জন ইটালির নাগরিক। বুলগেরিয়া এবং সুইৎজ়ারল্যান্ডের এক জন করে নাগরিক উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আরও তিন পর্যটকের পরিচয় মেলেনি। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পর্যটকদের উদ্ধারের কাজে তাদের সঙ্গে হাত মিলিয়েছে দেশের সরকার, নেপাল পর্যটন বোর্ড, পর্যটক পুলিশ এবং এই শিল্পের সঙ্গে জড়িত সংস্থা, সংগঠনগুলি।

নেপালের হড়পা বানে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। সে দেশের ন্যাশনাল ডিসাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, উদ্ধার কাজে ১৪,৮২৯ জন রক্ষী মোতায়েন করা হয়েছে। ৩,৭৪২ জনকে শুক্রবার পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তবে বিপর্যয়-পরবর্তী অন্য সঙ্কটে দিশেহারা নেপাল সরকার। এত দেহ উদ্ধার হচ্ছে যে, তা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। উপচে পড়ছে মর্গ, হাসপাতাল। খুব বেশি দিন দেহ সংরক্ষণ করে রাখার পরিষেবাও নেই সেখানে।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে হড়পা বান আসে। তিব্বত সীমান্তের কাছে গ্রামের পর গ্রাম ভেসে যায় নদীর জল ও কাদামাটির প্রবল স্রোতে। তার পর থেকে উদ্ধারকাজ চলছে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy