দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হলেন ‘লেডি ডন’ পার্বতী। দীর্ঘ সময় ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে শুক্রবার তাঁকে হাতেনাতে ধরল পুলিশ। পার্বতী এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের গাড়ি থেকে নগদ টাকা এবং মাদকও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, অপরাধজগতে তিনি ‘ব্যাড ক্যারেক্টার’ নামেও পরিচিত। রাজধানী এবং তাঁর আশপাশে মাদকের বিশাল সাম্রাজ্য চালাতেন তিনি। এ ছাড়াও তোলাবাজি, হুমকি, অপহরণের মতো বহু মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ২১ সেপ্টেম্বর পুলিশ এক যুবকের সমাজমাধ্যম অ্যাকাউন্টে নজরদারি শুরু করে। সেই সূত্র ধরে ওই যুবকের ঠিকানায় তল্লাশি চালানো হয়। তাঁর কাছ থেকে ১০ গ্রাম মাদক উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন:
তদন্তকারীরা জানিয়েছেন, ওই যুবকের সূত্র ধরেই পার্বতীর গোপন ঠিকানার হদিস মেলে। পুলিশের বেশ কয়েকটি দল ওই ঠিকানায় তল্লাশি অভিযানে যায়। সেখান থেকেই মাদক এবং গাড়ি-সহ পার্বতী এবং তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। ১৯৯০ সাল থেকে মাদকের কারবার করছেন পার্বতী। প্রথমে কোতওয়ালি এলাকা, তার পর উত্তর দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি এবং গত কয়েক বছর ধরে দিল্লির বাইরেও মাদক পাচারের কারবার সামলাচ্ছিলেন তিনি। সূত্রের খবর, বাইরে থেকে মাদক আনাতেন পার্বতী। গোপন জায়গায় মজুত করতেন। তার পর সেখান থেকে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে সরবরাহ করতেন।