পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গবেষণারত এক ছাত্রীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল। আর সেই ঘটনাকে ঘিরে উত্তাল বিশ্ববিদ্যালয়। পড়ুয়ারা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ধর্নায় বসেন।
পুলিশ জানিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম জ্যোতি। তিনি হরিয়ানার রেওয়ারির বাসিন্দা। অণুজীববিদ্যায় গবেষণা করছিলেন জ্যোতি। মঙ্গলবার তিনি হস্টেল থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। বৃষ্টি হওয়ার কারণে তিনি সংক্ষিপ্ত পথে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশের চেষ্টা করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। অভিযোগ, যে পথে জ্যোতি বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলেন সেই পথে একটি তার খোলা অবস্থায় পড়ে ছিল। সেটির সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জ্যোতিকে পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। তাঁরই সহপাঠীরা ছুটে যান। তাঁরাই জ্যোতিকে উদ্ধার করেন। তার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মত বলে ঘোষণা করেন। জ্যোতির মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন পড়ুয়ারা। কয়েকশো পড়ুয়া উপাচার্যের অফিস ঘেরাও করেন। এই ঘটনার জন্য যে বা যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানান। জ্যোতির পরিবারকে আর্থিক সাহায্যেরও দাবি তোলেন পড়ুয়ারা। বিক্ষোভের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জ্যোতির পরিবারকে ১৬ লক্ষ টাকা আর্থিক সাহায্য করার আশ্বাস দেন। তাঁর ভাইকে বিশ্ববিদ্যালয়ে কাজের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।