Advertisement
E-Paper

‘প্রেমিককে খুন করেছি, বাথরুমে রাখা আছে দেহ, শেষকৃত্য করে দেবেন’! ঠাণেতে ফ্ল্যাট মালিককে ভয়েস মেসেজ তরুণীর

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণী ফ্ল্যাটমালিকের কাছে দাবি করেছেন, মাস দুয়েক আগে তাঁকে পুণে থেকে ঠাণেতে নিয়ে আসেন প্রেমিক। অভিযোগ, প্রেমিক তাঁকে যৌনপল্লিতে বিক্রি করতে চেয়েছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৫:৩৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আবার সেই মহারাষ্ট্র। ঠাণেতে প্রেমিককে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে ফ্ল্যাটের ভিতরে বাথরুমে রেখে পালালেন তরুণী। পালানোর আগে ফ্ল্যাটমালিককে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে ওই তরুণী দাবি করেন, ‘‘প্রেমিককে খুন করেছি। ওর দেহ বাথরুমে রাখা আছে। শেষকৃত্য করে দেবেন।’’

ভাড়াটে তরুণীর কাছ থেকে এই বার্তা পেয়েই পুলিশকে খবর দেন ফ্ল্যাটমালিক। তার পর ওই ফ্ল্যাটে গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, তরুণী যে ভাবে ফ্ল্যাটমালিককে বর্ণনা দিয়েছিলেন, ঠিক সেই ভাবেই দেহটি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটে বাথরুমের ভিতরে একটি বস্তার মধ্যে থেকে যুবকের টুকরো করা দেহ উদ্ধার হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দ্রুত পচন ধরানোর উদ্দেশ্যেই বাথরুমের কল খুলে রাখা হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তরুণী এবং মৃত যুবক দু’জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। হিন্দুস্তান টাইমস-কে তদন্তকারী এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘ঠাণের মালাং রোডে নীলকণ্ঠ সোসাইটিতে অজয় পাটিলের ফ্ল্যাট থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই টুকরো করা দেহ দেখতে পাওয়া যায়। সেটি উদ্ধার করা হয়েছে।’’

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণী ফ্ল্যাটমালিকের কাছে দাবি করেছেন, মাস দুয়েক আগে তাঁকে পুণে থেকে ঠাণেতে নিয়ে আসেন প্রেমিক। অভিযোগ, প্রেমিক তাঁকে যৌনপল্লিতে বিক্রি করতে চেয়েছিলেন। সেই পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেই আত্মরক্ষার্থে প্রেমিককে খুন করেছেন বলে দাবি করেছেন ওই তরুণী। অভিযুক্ত তরুণীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাঁর দাবির সত্যতাও খতিয়ে দেখা হচ্ছে।

Maharashtra

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy