কোনও অ্যাপের নাম ‘নাইট প্লে’। কোনওটির নাম আবার ‘কিস’ বা ‘রিলুপ’। এই ধরনের অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ (এপিকে) পাঠানো হচ্ছে গ্রাহকের মোবাইলে। যা এক বার মোবাইলে ইনস্টল হয়ে বাসা বাঁধলে, গ্রাহকের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যাঙ্কের যাবতীয় তথ্য সংগ্রহ করে নিচ্ছে। তার পরে মোবাইল গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকারেরা।
আজ এই ধরনের অ্যাপগুলি সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে ‘দি ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (আইফোরসি)। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থাটি জানিয়েছে, ওই অ্যাপগুলি পর্নোগ্রাফিক বিষয় দেখিয়ে মানুষকে আকৃষ্ট করে। এই ধরনের ম্যালওয়্যার ডাউনলোড হলেই মোবাইলে একটি এপিকে ফাইল ইনস্টল হয়ে যায়। এগুলি স্ক্রিনে ভেসে ওঠা ওটিপি সংক্রান্ত তথ্য পড়ে নিতে পারে। এগুলির মাধ্যমে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পর্যন্ত হাতে পেয়ে যায় হ্যাকারেরা এবং লেনদেনের পুরো প্রক্রিয়াটিই তাঁর অজান্তে করে ফেলে। এই এপিকেগুলি এমন ভাবে তৈরি যে, চেষ্টা করেও মোবাইল থেকে মোছা যায় না, নিজেরাই আটকে দেয়।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মোবাইল হ্যাকারদের শিকার মনে হলে, প্রথমেই সেফ মোডে নিয়ে গিয়ে সব সন্দেহজনক তথা অচেনা অ্যাপ মুছে ফেলতে হবে।