Advertisement
E-Paper

বাজারে গিয়ে ধন্দে পড়েন? পাঁঠার মাংস কচি কি না বুঝবেন কী ভাবে? রইল কয়েকটি কৌশল

বাজারে গিয়ে ভাবতে থাকেন, মাংসটি আদৌ টাটকা তো? কেনার সময়ে কয়েকটি বিষয়ের দিকে নজর রাখলেই তুলনামূলক ভাবে ভাল, টাটকা এবং নরম মাংস বেছে নেওয়া যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৬ ২০:৩২
কী দেখে বুঝবেন পাঁঠার মাংস কচি কি না?

কী দেখে বুঝবেন পাঁঠার মাংস কচি কি না? ছবি: সংগৃহীত।

বাজার থেকে পাঁঠার মাংস কিনতে গিয়ে অনেকেরই চিন্তা থাকে— মাংসটি আদৌ টাটকা তো? রান্না করার পরেও শক্ত থাকবে না তো? চট করে মাংসের মান বোঝা সব সময় সহজ নয়। তবে কেনার সময় কয়েকটি বিষয়ের দিকে নজর রাখলেই তুলনামূলক ভাবে ভাল, টাটকা এবং নরম মাংস বেছে নেওয়া যায়। তবে প্রথমেই মাথায় রাখতে হবে, পাঁঠার মাংসের ক্ষেত্রে সামনের পায়ের অংশের (চলতি কথায় বলে ‘রান’) মাংস কেনাই সবচেয়ে শ্রেয়।

মাংস কেনার সময়ে আর কী কী মাথায় রাখবেন?

রং দেখে: টাটকা পাঁঠার মাংস সাধারণত উজ্জ্বল লাল রঙের হয় বা গোলাপি আভা থাকে। মাংস যদি খুব গাঢ়, ধূসর বা অস্বাভাবিক বাদামি দেখায়, তা হলে সেই পাঁঠা কচি নয়। তবে শুধু রং দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কোন দিক দিয়ে আলো পড়ছে, মাংসের কোন অংশ দেখছেন এবং সংরক্ষণের পদ্ধতি কেমন, তার উপরেও রঙে কিছুটা পরিবর্তন হতে পারে। মাংস নিয়মিত কেনার অভ্যাস যাঁদের আছে, তাঁরাই বুঝতে পারেন, পাঁঠাটি কচি কি না। প্রয়োজনে তাঁদের পরামর্শ নেওয়া যেতে পারে।

কচি পাঁঠার মাংসের ঝোল।

কচি পাঁঠার মাংসের ঝোল। ছবি: সংগৃহীত

চর্বি দেখে: ভাল মানের মাংস হলে তার চর্বির রং সাদাটে বা ক্রিমের মতো হবে। হলদেটে হয়ে এলে বুঝতে হবে, তা মোটেও টাটকা নয়। কচি পাঁঠার চর্বির রং স্পষ্ট বোঝা যায়।

গঠন দেখে: মাংসের গঠন এবং হাড়ের দিকে বিশেষ নজর দিতে হবে। হাড় কি হালকা নরম গোছের? মাংসে হাত দিলে স্প্রিংয়ের মতো উঠে আসছে? আঠালো ভাব নেই? তা হলে বুঝবেন সঠিক মাংস বেছে নিয়েছেন।

গন্ধ শুঁকে: টাটকা মাংসে কাঁচা গন্ধ থাকাই স্বাভাবিক। কিন্তু তা তীব্র বা অস্বস্তিকর হওয়ার কথা নয়। টক, পচা বা খুব ঝাঁঝালো গন্ধ পেলে সেই মাংস না কেনাই ভাল।

বাড়িতে আনার পরেও কাঁচা মাংস দীর্ঘক্ষণ ঘরের তাপমাত্রায় ফেলে রাখা উচিত নয়। যত দ্রুত সম্ভব ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন অথবা সঙ্গে সঙ্গে রেঁধে ফেলুন।

Mutton Shop Buying Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy