সাদা ময়দার পাউরুটি মোটেই ভাল না। সমাজমাধ্যমের প্রচারের দৌলতে এমন ধারণা প্রায় সকলের মনেই গেঁথে গিয়েছে। বদলে লোকে ঝুঁকছেন ব্রাউন ব্রেডের দিকে। কেউ খাচ্ছেন মাল্টিগ্রেন ব্রেড। হিসেবমতো ব্রাউনব্রেডে গমের আটা এবং মাল্টিগ্রেন ব্রেডে বিভিন্ন দানাশস্য মিশ্রিত আটার হওয়ার কথা। কিন্তু বাস্তবে তা হয় কি?
হোল হুইট ব্রেড না সাধারণ ব্রাউন ব্রেড
গমের পাউরুটি শরীরের জন্য সবচেয়ে উপকারী। এতে প্রচুর পরিমাণে ফাইবার, বি-ভিটামিন এবং খনিজ থাকে। এটি হজমে সাহায্য করে, পেট ভরিয়ে রাখে, রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি কমায়। কিন্তু বাজার থেকে যা কিনছেন তা কতটা খাঁটি?
সম্প্রতি বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে এক পাউরুটি প্রস্তুতকারক ১ লক্ষ টাকা জরিমানা করেছে ক্রেতাসুরক্ষা নিয়ন্ত্রক (সিসিপিএ)। পাউরুটির মোড়কে সংস্থা দাবি করেছিল সেটি ১০০শতাংশ গমের আটা থেকে তৈরি। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তদন্তে দেখা গিয়েছে, পণ্যটিতে ৬২শতাংশ গমের আটা রয়েছে। বাকি ৩৮ শতাংশ অন্যান্য দ্রব্য দিয়ে তৈরি। সিসিপিএ-র অভিযোগ, ১০০ শতাংশ আটার রুটি মোড়কে লেখা দেখলে ক্রেতা ভাববেন পুরোটাই গমের আটা দিয়ে তৈরি। আদতে তা নয়।
সাদা পাউরুটি কি ক্ষতিকর?
সাদা পাউরুটি পরিশোধিত ময়দা দিয়ে তৈরি হওয়ায় এতে ফাইবার খুব কম থাকে, যা খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। তবে পরিমিত পরিমাণে এবং সুষম খাবারের অংশ হিসেবে খেলে এটি সরাসরি মারাত্মক কোনও ক্ষতি করে না।
ব্রাউন ব্রেড চেনার উপায়
রং দেখে ভুল করবেন না: বাজারে বিক্রি হওয়া সব ব্রাউন ব্রেড কিন্তু হোল হুইট নয়। অনেক কোম্পানি সাধারণ সাদা ময়দার পাউরুটিতে ক্যারামেল বা মোলাসেসের মতো কৃত্রিম রং মিশিয়ে বাদামি রূপ দেয়। ফলে দেখতে ব্রাউন ব্রেড মনে হলেও পুষ্টির দিক থেকে এটি সাধারণ সাদা পাউরুটির মতোই ক্ষতিকর হতে পারে। পাশাপাশি এতে অতিরিক্ত চিনি ও লবণও মেশানো থাকে।
কেনার আগে সঠিক পাউরুটি বেছে নেওয়ার কৌশল
· উপাদানের তালিকা পড়ে নিন। প্যাকেটের উপর ‘ব্রাউন’ বা ‘মাল্টিগ্রেন’ লেখা দেখলেই তা খাঁটি ভাবার কারণ নেই। উপাদানের তালিকার প্রথমে কী লেখা আছে সেটি দেখে নিন।
· চিনি ও নুনের পরিমাণ দেখুন। অতিরিক্ত ফ্যাট, চিনি বা সোডিয়াম আছে কি না পরীক্ষা করুন এবং ফাইবারের পরিমাণ বেশি থাকলে, সেটি কিনুন।
· ডায়াবেটিস বা মেটাবলিক সমস্যা থাকলে উচ্চ ফাইবারযুক্ত পুরো গমের পাউরুটি খাওয়া ভাল, তবে পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। যাঁদের গ্লুটেন অ্যালার্জি রয়েছে, তাঁদের জন্য গমের তৈরি যে কোনও পাউরুটি এড়িয়ে গ্লুটেন-মুক্ত বিকল্প বেছে নেওয়া আবশ্যক।